ছোট ঘরে বড় স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার একর জমি, মাঝখানে একটি ঘর। টিনের বেড়া, টিনের চাল। নতুন টিনে দুপুরের রোদ পড়ে চকচক করছে। ১২টি গ্রামের মানুষ বাঁশ, টাকা ও শ্রম দিয়ে বানিয়েছে ঘরটি। সামনে উড়ছে লাল-সবুজ পতাকা। আর এই ছোট ঘরেই একটি বড় স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। একদিন যে ঘর থেকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে শিক্ষার আলো।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা পাঠশালা শেষে লেখাপড়া বন্ধ করে দিত। দরিদ্রপীড়িত এলাকা। রাস্তাঘাট নেই। ধারেকাছে নেই কোনো মাধ্যমিক বিদ্যালয়। যদি যেতেই হয়, দূরত্ব সাত থেকে আট কিলোমিটার। এত দূরের স্কুলে মেয়েরা আসা-যাওয়া করবে, এটা চাননি অভিভাবকেরা। তবে বিষয়টি তাঁদের পীড়া দিত। এ নিয়ে দুঃখবোধ ছিল অনেকের মনে। অবশেষে সেই দুঃখ ঘুচেছে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে।যেভাবে শুরু: গত বছরের সেপ্টেম্বর মাসের কথা। প্রথমে বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের লোকজন কথাবার্তা শুরু করেন। পরে পান্ডারগাঁও, দোহালিহা ও চরমহল্লা ইউনিয়নের সোনাপুর, হিম্মতেরগাঁও, দেওয়াননগর, ধোপাখাই, চানপুর, কৃষ্ণনগর, মেন্দা, হাজী নগর, আলমপুর, করালিয়া, চেঙ্গাই ও সাহেবনগর গ্রামের বয়োজ্যেষ্ঠরা বৈঠক করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে সবাই একমত হন। সেদিনই তিন ইউনিয়নের মাঝামাঝি জায়গা সোনাপুর গ্রামের মোকামবাজারের পাশে বিদ্যালয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়। এ জন্য সোনাপুর গ্রামের নয়জন প্রায় চার একর জমি দান করেন। নাম ঠিক হয় ‘মোকামবাজার নিম্নমাধ্যমিক বিদ্যালয়, সোনাপুর’। সোনাপুর গ্রামের ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রতাপ চন্দ্র দাস জানান, পরে গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করা হয়। অনেকেই সাধ্যমতো টাকা দেন। বাকি টাকা জোগাড় হয় অবশিষ্ট বাঁশ বিক্রি করে। এরপর টিন কিনে নিজেরাই ঘর তৈরি করেন। ঘরে তিনটি কক্ষ আছে। এর মধ্যে দুটিতে পাঠদান হয়, আর ছোট একটিতে বসেন শিক্ষকেরা। পাঠদান শুরু: চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয় পাঠদান। ষষ্ঠ শ্রেণীতে ৬৫ জন ও সপ্তম শ্রেণীতে ১৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। ষষ্ঠ শ্রেণীর ৬৫ জনের মধ্যে ৫০ জনই ছাত্রী। আর সপ্তম শ্রেণীতে ছাত্রী আছে নয়জন। বইয়ের জন্য যোগাযোগ করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদার সঙ্গে। তিনি অনেকটা খুশি হয়েই শিক্ষার্থীদের নতুন বইয়ের ব্যবস্থা করে দেন। বর্তমানে বিদ্যালয়ে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পাঁচজন সহকারী শিক্ষক আছেন। শিক্ষকেরা বেতন-ভাতা নেন না। তাঁদের বাড়ি আশপাশের গ্রামেই। নিজ এলাকার ছেলেমেয়েদের পড়িয়ে তাঁরা যেন বিমল আনন্দ পাচ্ছেন।তাদের ফেরা: ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করে ধোপাখাই গ্রামের নাজমা বেগম। ধারেকাছে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারেনি সে। ফলে লেখাপড়া বন্ধ হয়ে যায়। একইভাবে মাজেদা বেগমও পাঠশালা পাস করার পর আর লেখাপড়া করতে পারেনি। এখন তারা আবার ভর্তি হয়েছে। ফিরেছে বিদ্যালয়ে। এভাবে হিম্মতেরগাঁও গ্রামের সুমেনা বেগম, চানপুরের জান্নাতুল ফেরদৌসী, দেওয়ান নগরের শাহানা বেগম ও হামিদা বেগম ভর্তি হয়েছে ষষ্ঠ শ্রেণীতে। বড় স্বপ্নের কথা: এখনো অনেক কাজ বাকি। শিক্ষার্থীদের বসার প্রয়োজনীয় বেঞ্চ নেই। কক্ষ নেই। নেই শিক্ষকদের প্রয়োজনীয় চেয়ার-টেবিল। খাতাপত্র রাখার একটি আলমারি হয়নি। এখনো নলকূপ বসানো যায়নি। নেই শৌচাগার। কিন্তু এসব নিয়ে কারও কোনো অভিযোগ নেই। তবে আশা আছে, একদিন সব হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নান (৬৫) তাই জোর দিয়েই বললেন, ‘আমরা ছোট ঘরে বড় স্বপ্ন নিয়ে স্কুলটি শুরু করেছি। আমাদের সমস্যা আছে, কিন্তু আন্তরিকতার অভাব নেই। ছেলেমেয়েদের হাসিমুখ দেখে ভাবি, এরাই তো সেই স্বপ্ন পূরণ করবে। শিক্ষার আলো ছড়িয়ে দেবে চারদিকে।’