ছোট ঘরে বড় স্বপ্ন সফল করতে প্রবাসীর অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার তিন ইউনিয়নের ১২টি গ্রামের মেয়েরা প্রাথমিক বিদ্যালয় পাস করে আর লেখাপড়া করতে পারত না। কারণ, এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। প্রত্যন্ত এলাকার দরিদ্র মানুষজন বারবার চেষ্টা করেও সেটি করতে পারেননি। অবশেষে সবাই মিলে নিজেদের চেষ্টা ও শ্রমে এ বছর থেকে ছোট একটি ঘরে বিদ্যালয় চালুর মাধ্যমে তাঁদের স্বপ্ন সফল করেন।এ নিয়ে গত ৪ মার্চ প্রথম আলোয় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। মোকামবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সোনাপুর নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নিয়ে ‘ছোট ঘরে বড় স্বপ্ন’ শিরোনামে প্রথম আলোর প্রকাশিত সচিত্র প্রতিবেদন পড়ে সুইজারল্যান্ডপ্রবাসী শামসুন্নাহার নামের এক পাঠক বিদ্যালয়টিতে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি বিদ্যালয়ে একটি নলকূপ, একটি স্টিলের আলমারি, ২০টি বেঞ্চ ও দুটি চেয়ার দেওয়ার ঘোষণা দেন।গতকাল শুক্রবার তাঁর ভাই গোলাপ রব্বানী এলাকাবাসীর উপস্থিতিতে শিক্ষকদের কাছে এই সহায়তাসামগ্রী হস্তান্তর করেন। এ সময় প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান ও বন্ধুসভার সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রবাসী শামসুন্নাহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।