
‘গরিব চাষা, তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল, সুদে-আসলে তাই এখন পাঁচ শ টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে এক শ টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলছে, ‘পাঁচ শ টাকার এক পয়সাও কম নয়, দিতে না পারো তো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষা নাই।’
সুকুমার রায়ের বই থেকে ‘উকিলের বুদ্ধি’ গল্পটি পড়ছিলেন একজন। আর গোল হয়ে শুনছিল সবাই। এই দলে আছেন ৭০ বছর বয়সী মানুষ। আছে ১৩ বছরের শিশুও।
পাঠচক্রের নিয়মিত দৃশ্য এটি। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার এভাবে বই পড়া ও আলোচনার এই আসরে মিলিত হয় সদস্যরা।
নাম ‘শিশু-কিশোর মেলা পাঠাগার’। আগারগাঁও বিজ্ঞান জাদুঘর থেকে অনতিদূরে এর অবস্থান। ঠিকানা: ২৬০, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর।
গতকাল শুক্রবার সকালে পাঠাগারে গিয়ে জনা কুড়ি সদস্যকে পাওয়া গেল। সবাই এই এলাকারই বাসিন্দা। কলেজ-স্কুলে পড়ে।
পাঠাগারের দেয়ালে রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জগদীশ চন্দ্র, আইনস্টাইনসহ বিভিন্ন মনীষীর বাণী। বিশেষভাবে আছে পাঠাগারকে দেওয়া প্রতুল মুখোপাধ্যায়ের অটোগ্রাফ।
পাঠাগারটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর হিসাববিজ্ঞানের শিক্ষার্থী গোলাম রাব্বী। ২০১১ সালে সারা দেশে ইভ টিজিং বা উত্ত্যক্তের ঘটনা বেড়ে গিয়েছিল। তখন একটি নারী সংগঠনের কর্মীরা এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি নিয়ে এই এলাকায় (পানির ট্যাংকের মোড়) আসেন। এ কাজে এসে নারী সংগঠনের কর্মী ও স্থানীয় তরুণেরা উপলব্ধি করেন, এলাকায় একটা পাঠাগার করা গেলে এসব বিষয় নিয়ে আরও জোরালোভাবে কাজ করা সম্ভব। সেই চিন্তা থেকে পাঠাগার প্রতিষ্ঠা, ২০১৫ সালের গোড়ার দিকে। বর্তমানে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুরুতে পাঠাগারটি ছিল বিজ্ঞান জাদুঘরের ঢালে একটি বাড়ির নিচতলায়। কিন্তু বাড়িটি সংস্কারের প্রয়োজনে ঠিকানা বদলাতে হয়।
পাঠাগারের বৈশিষ্ট্য হলো, বড়রা বিভিন্ন মনীষীর জীবনকাহিনি ছোটদের পড়ে শোনায়। উপদেষ্টা মর্জিনা খাতুন বললেন, ‘চারদিকে অপসংস্কৃতি, অশ্লীলতা। এখান থেকে তরুণদের বের করে আনা দরকার। এ জন্য বড় বড় মনীষীর জীবনী পড়ে শোনাই। তাঁদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করি। রবীন্দ্র-নজরুলের সাহিত্য সম্পর্কে আলোচনা করি। আমরা মনে করি, এই শিশু-কিশোরেরাই সংস্কৃতির চর্চা করতে করতে উন্নত সংস্কৃতিমান মানুষ হয়ে গড়ে উঠবে।’
শুধু বই পড়া নয়, এখানে দেখানো হয় সিনেমাও। সম্প্রতি সদস্যরা দেখেছে আমার বন্ধু রাশেদ, দীপু নাম্বার টু, হীরক রাজার দেশে, চার্লি চ্যাপলিনের সার্কাস, দ্য কিডস, মডার্ন টাইমস।
পাঠাগারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম সিদ্দিকী। একজন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি সকাল ৯টা থেকে বেলা ১১টা, আর বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠাগারটি খোলা রাখেন। আলাপকালে বললেন, স্থানীয় মানুষ পাঠাগার আর এর সদস্যদের ইতিবাচক চোখে দেখেন। বিষয়টি বেশ আনন্দের।
বর্তমানে একটি কক্ষে পাঠাগারটি পরিচালিত হচ্ছে। চেয়ার-টেবিল নেই। মাদুর পেতে পড়া চলে। মোট সদস্য ৩৭ জন। বইয়ের সংখ্যা মাত্র ২০০। আহ্বায়ক সায়েরা সরকারের কথায়, ‘বই কম এটা সমস্যা নয়। আমাদের যে কজন সদস্য আছে, সবাই বেশ সক্রিয় আর উৎসাহী। আমরা যে বইগুলো পড়াতে চাই, তার কিছু কিছু তো আছেই।’
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বললেন, ‘বই সংগ্রহের জন্য আমরা এখনো চেষ্টা চালাইনি। আর নতুন ঠিকানায় এসে কিছু সমস্যায়ও পড়েছি। শিগগিরই সরকারি কলোনি এলাকায় বই সংগ্রহ অভিযানে নামব।’
পাঠাগারকক্ষটির ভাড়া ৫ হাজার টাকা। আয়োজকেরা বেশির ভাগই শিক্ষার্থী। তাই এই টাকাটা সংগ্রহ করতে বেগ পেতে হয়।
আর্থিক সংকট থাকলেও পাঠাগারটির উদ্যোক্তারা মনে করেন, সদস্যদের উৎসাহই সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তির বলেই তাঁরা জয় করবেন যাবতীয় বাধা।