ছোট পরিসরে সামাজিক ব্যবসা সম্মেলন
সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ইউনূস সেন্টার আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণার পর গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সম্মেলনের প্রথম দিনের জন্য নির্ধারিত অনুষ্ঠানসূচি ছোট পরিসরে পালন করা হয়েছে। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে ঢাকায় পৌঁছানো জাতিসংঘের সহকারী মহাসচিব, ওয়ার্ল্ড অলিম্পিয়ানস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টসহ বিদেশি অতিথিরা এই আয়োজনে অংশ নেন।
প্রায় দুই হাজার অংশগ্রহণকারী ব্যক্তি নিয়ে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন গতকাল শুক্রবার সাভারের জিরাবোতে সামাজিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ইউনূস সেন্টারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত’ সম্মেলনটি বাতিল ঘোষণা করছেন তাঁরা। এর আগে সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানান, ইউনূস সেন্টারের পক্ষ থেকে ২৪ জুলাই পুলিশকে এ সম্মেলনের কথা জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। তাই সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।
ইউনূস সেন্টারের কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকার হোটেল লা মেরিডিয়ানে মূলত বিদেশি অতিথিদের অংশগ্রহণে সম্মেলনের প্রথম দিনের অনুষ্ঠানসূচি অনুযায়ী তাঁরা একটি আয়োজন সাজান। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনটি অনেকটাই অনানুষ্ঠানিক ছিল। ছোট জায়গায় অল্পসংখ্যক অতিথি অংশ নেন।
সাব্বির আহমেদ বলেন, সম্মেলন উপলক্ষে প্রায় ২৫০ জন বিদেশি অতিথি ঢাকায় আছেন। সম্মেলন বাতিলের কারণে তাঁদের সামনে দেশ ও প্রতিষ্ঠানের ইমেজের যে ক্ষতি হয়েছে, তা কিছুটা পুষিয়ে নিতেই এ আয়োজন।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব থমাস গাস। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য কর্মসূচি বাস্তবায়নের প্রধান কর্মকর্তা গাস তাঁর ভাষণে বলেন, সামাজিক ব্যবসা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নৈতিক মানদণ্ড নির্ধারণ করে। তাঁর কথায়, ‘এমন একটি সমাজের কথা কল্পনা করুন, যেখানে সামাজিক ব্যবসাকে কোনো ব্যতিক্রম নয় বরং সেরা চর্চা হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক ব্যবসার প্রসার হলে সমাজের মানুষের সচেতনতা বাড়বে এবং শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রের উন্নয়নে তা সাহায্য করবে। এভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্জনে সামাজিক ব্যবসা ভূমিকা রাখতে পারে।’
বক্তাদের মধ্যে আরও ছিলেন ওয়ার্ল্ড অলিম্পিয়ানস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোউজো, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের পদ্মশ্রী পদকজয়ী অধ্যাপক অনিল কুমার গুপ্তা, আজারবাইজানের শ্রম ও সামাজিক প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মতিন করিমলি প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের ফেসবুক পেজে অনুষ্ঠানটির অংশবিশেষ সরাসরি সম্প্রচার করা হয়।