
‘কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে।’ বৈশাখ এখনো সুদূর। আগের দিন তবু ঝড় হয়েছিল। পুরোদস্তুর ঝড় নয়, ঝোড়ো বৃষ্টি। না, বিষ্ণু দের কবিতার সঙ্গে অক্ষরে অক্ষরে মিলিয়ে রাত্রিবেলাতেই নয়। বরং ঘোর দুপুরে। সে ঝড় ঢাকার কোনো কোনো রজনীগন্ধা বন দুলিয়ে দিয়েছে হয়তো। কিন্তু বইমেলার কিছু কিছু প্রকাশকের মাথায় একেবারে বাজ ফেলেছে। বইমেলায় ঢুকতেই দেখা গেল তার চিহ্ন।
রাশি রাশি বই মলাট মেলে খাড়া করে সাজিয়ে শুকাতে দিয়েছেন প্রকাশকেরা। দেখলে মনে হবে, আধুনিক কোনো শিল্পীর স্থাপনাশিল্প। কিন্তু এ শিল্প বেদনার। কারণ, ঝোড়ো বৃষ্টিতে ছোট প্রকাশকেরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। তঁাদের স্টল তত সুপরিকল্পিত নয়। অনেক বই ভিজে নষ্ট হয়ে গেছে। বেশ কয়েকজন প্রকাশক দুঃখ করে বললেন, এবারে এমনিতেই বিক্রি কম। তার ওপর বলা নেই কওয়া নেই, এই অপ্রত্যাশিত দুর্যোগ।
বিক্রিবাট্টা যা-ই হোক, মেলায় মানুষের কমতি নেই। ভিড় বড় বড় প্রকাশনার স্টলেই। কিন্তু ছোট ছোট প্রকাশনার স্টলগুলোতে ঘুরলে হঠাৎ হঠাৎ দুর্লভ মণিমুক্তার খোঁজ মেলে। বৈচিত্র্যও কি তাদের কম? চৈতন্য মূলত বের করে সাহিত্যের বই। এবার কবিতার বই-ই বের করেছে ৫৭টা। প্রবীণ থেকে নবীন। যেমন তারা বের করেছে মোহাম্মদ রফিকের পূর্বাহ্ণে সামগান, তেমনই আলতাফ শাহনেওয়াজের আলাদিনের গ্রামে।
বিপ্লবীদের কথা একটি প্রকাশনার নাম। বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়। এই প্রকাশনী থেকে এ পর্যন্ত বই বেরিয়েছে ৭০টি। এর বেশির ভাগই জীবনী, বিপ্লবীদের জীবনী। বাঘা যতীনের, সূর্য সেনের, প্রীতিলতার, ইলা মিত্রের। কার নয়? এর স্বত্বাধিকারী শেখ রফিক করতেন বাম রাজনীতি। একদা স্বপ্ন দেখেছেন বিপ্লবের। প্রত্যক্ষ রাজনীতি থেকে বেরিয়ে আসার পর এ অঞ্চলের বিপ্লবীদের কথা জানতে ও জানাতে ঢুকে পড়েছেন প্রকাশনায়। এই প্রকাশনা তাঁকে ফেলে দিয়েছে বিরাট ঋণের বোঝার তলায়। কিন্তু তাঁর স্বপ্নের দম ফুরায়নি।
গ্রন্থ পরিকল্পনা আর মুদ্রণ-সৌকর্যে জার্নিম্যানের বইয়ের তুলনা নেই। তাদের বই, ইংরেজিতে যাকে বলে, কালেক্টরস আইটেম। অনেকক্ষণ ধরে হাতে নিয়ে উল্টে-পাল্টে দেখেও মন ভরে না। ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর নামে মুনতাসীর মামুনের যে বইটি তারা করেছে, তার প্রচ্ছদই কুপোকাত করে দেয়। ১৯৫০-এর দশকে শিল্পী আবদুর রাজ্জাকের আঁকা ঢাকার একটি চিত্রকর্ম রীতিমতো চৌকো কাঠে খোদাই করে প্রচ্ছদে বসিয়ে দিয়েছে তারা। শাওন আকন্দের বাংলাদেশের লোকশিল্পের রূপরেখা বইটির প্রচ্ছদে সেঁটে দেওয়া আছে গ্রামীণ হাতপাখার ছোট রেপ্লিকা।
২০০৮ সাল থেকে উলুখড় নিবিষ্টভাবে বই বের করে চলেছে। এই প্রকাশনীর লেখক তাঁরাই, যাঁরা নিজেদের প্রতিষ্ঠান-বিরোধী বলে পরিচয় দিয়ে থাকেন। তাদের বইয়ের পরিমাণ কম। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত বের করেছে ৪৪টি মাত্র বই। এর স্বত্বাধিকারী সাগর নীল দীপের আলাদা পেশা আছে। তিনি নিজেও লেখক-যশোপ্রার্থী নন। তাঁর এই প্রকাশনীর পেছনে বাণিজ্যভাবনা নেই। যা আছে, তা বিশুদ্ধ সাহিত্যের প্রতি অকুণ্ঠ ভালোবাসা। এ বছর তারা এনেছে সেলিম মোরশেদের শ্রেষ্ঠ গল্প ও আহমেদ নকীবের কাব্যগ্রন্থ কালো কাচের বাইরে আর কিছু ঘটে না সহ আরও কিছু বই।
সংহতি আবার অলাভজনক একটি প্রকাশনা সংস্থা। এরা বের করে কিছুটা খোলামেলা অর্থে প্রগতিশীল ধারার বই। পাণ্ডুলিপি বাছাই ও সম্পাদনা থেকে লেখক-সম্মানী পর্যন্ত সবকিছুতে তারা পেশাদারি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এর স্বত্বাধিকারী জোনায়েদ সাকি বাম ধারার রাজনীতি করেন। অচিরেই একটি ট্রাস্টি বোর্ড করে সেটির অধীনে সংস্থাটিকে তিনি দিয়ে দেবেন। বই বিক্রি করে যা লাভ হবে, তা নতুন ভালো বইয়ের জন্য বিনিয়োগ করা হবে। এবারের মেলায় তারা এনেছে সাতটি নতুন বই। এর মধ্যে আছে মজনু-নুল-হকের বিলেতে বাংলার যুদ্ধ আর হাসনাত বেগের কিশোর মুক্তিযোদ্ধা।
এর বাইরেও আছে বাঙলায়ন, ঘাস ফুল নদী বা সংঘ প্রকাশনীর মতো আরও বেশ কিছু ছোট প্রকাশনা সংস্থা। এদের অনেকেরই পুঁজি কম। এদের গ্রাহকও সীমিত ও বিশেষ। কিন্তু এদের আবেগ ও স্বপ্ন মোটেই ছোট নয়।
এসব ছোট ছোট প্রকাশনীর স্টলগুলো ঢুঁ মেরে বেড়িয়েছি। বাইরে গুমোট। কিন্তু টের পাই, মনের মধ্যে খোলামেলা টাটকা হাওয়া বয়ে চলেছে।