ছোট ফেনী নদীতে নিখোঁজ পর্যটকদের একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর ছোট ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন পর্যটকের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নজরুল ইসলাম ওরফে স্বপন (৪০) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপর দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজারসংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে ওই তিনজন নিখোঁজ হন।

নিহত নজরুল ইসলামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামে।

নিখোঁজ অপর দুজন হলেন একই গ্রামের বাসিন্দা ওমানপ্রবাসী আনোয়ার হোসেন (৩৫) এবং ব্যবসায়ী মেহেদী হাসান (২০)। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করে চলেছে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ২৩ জন পর্যটক মুছাপুর ক্লোজারে ঘুরতে আসেন। তাঁদের মধ্যে সাতজন গতকাল সকাল ১০টার দিকে ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামেন। একপর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে তাঁদের তিনজন তলিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) নিউট্রন দাশ প্রথম আলোকে বলেন, তিন পর্যটক নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন চট্টগ্রাম থেকে আসা তিন ডুবুরি। বেলা সাড়ে তিনটার দিকে নিখোঁজ নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর প্রথম আলোকে বলেন, তিন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট, চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন। বিকেলে একজনের লাশ পাওয়া গেছে। দুজন এখনো নিখোঁজ।