ছোট ফেনী নদীর ভাঙনে বড় ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর নাম ছোট ফেনী। নামে ছোট হলেও এই নদীর ভাঙনে বড় ক্ষতি হয়ে গেছে বহু মানুষের। সর্বস্ব হারিয়েছেন অনেকে। তাঁদেরই একজন নুরুল হক। মাত্র দুই সপ্তাহ আগেও নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর পার্বতী ইউনিয়নের আবুল হাদী পাটোয়ারী বাড়ির নুরুল হকদের বসতঘর ও ভিটেমাটি ছিল অক্ষত। কিন্তু তা আজ শুধুই স্মৃতি। সবকিছু ভেঙে বিলীন হয়ে গেছে ছোট ফেনী নদীতে।

শুধু ছোট ফেনী নয়, অনেক মানুষের ঘরবাড়ি বিলীন হয়েছে বামনী নদীতেও। এই দুই নদীর ভাঙনে চর পার্বতী ইউনিয়ন ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার আরও চারটি ইউনিয়নের অনেক বাসিন্দা গৃহহারা হয়েছেন। ইউনিয়ন চারটি হলো চর এলাহী, মুছাপুর, চর ফকিরা ও চর হাজারী।

স্থানীয় বাসিন্দাদের মতে, গত ছয় মাসে এ চারটি ইউনিয়নের সহস্রাধিক পরিবার ছোট ফেনী ও বামনী নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছে।

চর পার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবুল হক প্রথম আলোকে বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই তাঁদের ৭০ বছরের পুরোনো বসতবাড়ি ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এর আগেও তিনবার এই নদীর ভাঙনের কবলে পড়েছিলেন তাঁরা। ভাঙনে হারিয়েছেন বেশির ভাগ ফসলি জমি। হুমকির মুখে পড়েছে এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি আরও বলেন, ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে মুছাপুর ক্লোজার নির্মাণের কাজ যথাসময়ে শেষ না করায় যতটুকুু নির্মাণ করা হয়েছিল, সেটিও বর্তমানে জোয়ার-ভাটায় বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি ছোট ফেনী ও বামনী নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে। কিন্তু ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ন্যূনতম তৎপরতাও চোখে পড়ছে না।

চর হাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, এবারের বর্ষায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত তিন মাসে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক বাড়িঘর ভেঙে নিয়ে গেছে নদী। এ ছাড়া নদীতে বিলীন হয়েছে শত শত হেক্টর ফসলি জমি। ৭ নম্বর ওয়ার্ডের আউটার বেড়িবাঁধটি বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। কিন্তু বাঁধ রক্ষায় সরকারি কোনো পদক্ষেপ তাঁদের চোখে পড়েনি।

এদিকে ছোট ফেনী নদী ও বামনী নদীর ভাঙনে নদীতে বিলীন হওয়া বাড়িঘরের সর্বশেষ কোনো সংখ্যা জানাতে পারেনি উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, গত কয়েক মাসে ভাঙনকবলিত ইউনিয়নগুলোর কতটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী সপ্তাহ নাগাদ বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হাসান জানান, ছোট ফেনী ও বামনী নদীর ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দাখিল করা একটি প্রকল্প তিন বছর ধরে ঝুলে আছে। এ খাতে কোনো অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাঙন প্রতিরোধে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।