ছোট বনাম বড় ভাই
নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় ভাই জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম দল-সমর্থিত প্রার্থী। ছোট ভাই শহিদুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দলের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনী মাঠে আছেন।
দলীয় সূত্রে জানা যায়, দলের পক্ষ থেকে শরিফুল ইসলামকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। তাঁর প্রতি স্থানীয় আওয়ামী লীগের সাংসদ (নাটোর-১) আবুল কালাম আজাদের সমর্থন রয়েছে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাঁরই ছোট ভাই শহিদুল ইসলাম। তিনি গত সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তবে দল থেকে মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত আর নির্বাচনে অংশ নেননি।
শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন এলাকার মানুষজনকে নিয়ে রাজনীতি করি। তাঁরা আমাকে চান। কিন্তু কেন্দ্র ভোটার ও তৃণমূল নেতা-কর্মীদের চাওয়া অনুসরণ না করে একতরফাভাবে প্রার্থী সমর্থন দিয়েছে। বাধ্য হয়ে এলাকাবাসীর ওপর ভরসা করেই নির্বাচনে নেমেছি। তাঁরাই আমাকে জয়ী করবেন।’
তবে শরিফুল ইসলাম বলেন, ‘আমার ছোট ভাই অভিমান করে ভোটে দাঁড়িয়েছে। আশা করি, শেষ মুহূর্তে হলেও সে এবং তার সমর্থকেরা আমাকেই ভোট দেবে।’
এদিকে বিএনপি থেকেও এই উপজেলায় দুজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। একজন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও অপরজন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা। এর মধ্যে হাফিজুর রহমান দল-সমর্থিত প্রার্থী। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বড় দুই দলের একাধিক প্রার্থী আছেন। ২৭ ফেব্রুয়ারি বাগাতিপাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।