ছোট বোনকে ভর্তি না করায় বেত্রাঘাত!
নওগাঁ সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামের বাসিন্দা নজিবর রহমানের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফিরদৌসকে (১১) কির্ত্তিপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমাতুন নাহার বেত্রাঘাত করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ছাড়পত্র ইস্যু করে ওই বিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।অনুসন্ধানে জানা গেছে, জান্নাতুনের ছোট বোন তানিয়া ফিরদৌসকে (৬) তাঁর মা-বাবা এ বছর কির্ত্তিপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করেন। এ কারণে ক্ষুব্ধ হন প্রধান শিক্ষিকা আছমাতুন নাহার। তানিয়ার মা রেহেনা বেগম অভিযোগ করে বলেন, তানিয়াকে কির্ত্তিপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য আছমাতুন নাহার তাঁকে বিদ্যালয়ে ডেকে নিয়ে নানাভাবে চাপ সৃষ্টি করেন। কিন্তু কোনো কিছুতেই কাজ না হওয়ায় ওই শিক্ষিকা গত ২২ ফেব্রুয়ারি শ্রেণীকক্ষে বসে পড়া না পারার অজুহাত দেখিয়ে জান্নাতুনকে বেত্রাঘাত করে বিদ্যালয় থেকে বের করে দেন। মারধরের ঘটনার প্রতিবাদ করায় ওই শিক্ষিকা তাঁদের হাতে জান্নাতুনের বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র (টিসি) ধরিয়ে দেন। গত ২৬ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, বেত্রাঘাতের কারণে জান্নাতুনের দুই পায়ের নিচের অংশে কালো দাগ সৃষ্টি হয়েছে। এ কারণে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ওই বিদ্যালয় থেকে পাস করা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, আছমাতুন নাহারের এ ধরনের আচরণের কারণে গত বছর তাঁরা রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেন। গত বছরের ২৯ মে রাজশাহী বিভাগীয় শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সরেজমিন তদন্ত করে ওই অভিযোগের সত্যতা পান। প্রধান শিক্ষক আছমাতুন নাহার বলেন, জান্নাতুনকে তাঁর মা-বাবার ইচ্ছায় বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র দেওয়া হয়েছে। শ্রেণীকক্ষে পাঠদানের সময় অমনোযোগী ছিল বলে ওই দিন জান্নাতুনসহ কয়েকজন শিক্ষার্থীকে সামান্য শাসন করা হয়েছে। প্রধান শিক্ষক আছমাতুন নাহার আরও জানান, বিদ্যালয়ের প্রতিছাত্রী প্রতিমাসে ১০০ টাকা করে উপবৃত্তির টাকা পায়। দুই বোনকে উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার জন্যই তিনি তানিয়াকে এ বিদ্যালয়ে ভর্তি করাতে চেয়েছিলেন। কির্ত্তিপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।