ছোট বোনের জামাতার হাতে বড় বোন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কালামপুর আশ্রয়ণ প্রকল্পে গত বুধবার রাতে ছোট বোনের জামাতার ছুরিকাঘাতে মারা গেছেন বড় বোন। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে। এ ঘটনায় পুলিশ ছোট বোনকে গ্রেপ্তার করেছে।নিহতের নাম সাহেরা বেগম (৩৮)। স্বামীর নাম আবদুল মজিদ। থাকেন একই আশ্রয়ণ প্রকল্পে। ধামরাই থানার পুলিশ জানিয়েছে, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তজুমুল আলীর স্ত্রী মিনু আক্তার কয়েক মাস আগে তাঁর সেজো বোন জানু বেগমের কাছ থেকে দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ধার নেন। এরপর থেকে মিনু তাঁর বোনকে ওই স্বর্ণালংকার ফেরত দিতে গড়িমসি করে আসছিলেন। এ নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হতো উভয় পরিবারের মধ্যে। দুই বোনের বিবাদ মেটাতে জানুকে নিয়ে বুধবার রাতে মিনুর বাড়ি যান বড় বোন সাহেরা বেগম। কথা প্রসঙ্গে তিন বোন তর্কে জড়িয়ে পড়লে মিনুর স্বামী তজুমুল ক্ষিপ্ত হয়ে সাহেরা বেগমের পেটে ছুরিকাঘাত করেন। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে নবম শ্রেণীর ছাত্র রনিও ছুরিকাহত হয়। ঘটনার পর মা ও ছেলেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সাহেরাকে বুধবার রাতেই স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় সাহেরার স্বামী আবদুল মজিদ বাদী হয়ে গতকাল ধামরাই থানায় হত্যা মামলা করেছেন। মামলায় মিনুর স্বামী তজুমুল ও তাঁর স্ত্রী মিনুসহ তিনজনকে আসামি করা হয়েছে।