ছোট বোনের হত্যাকারীদের বিচার দাবি চার বোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদরের ছোট বোনকে হারিয়ে পাগলপ্রায় বড় চার বোন। তাঁদের অভিযোগ, ছোট বোন আনোয়ারা খাতুনকে হত্যা করা হয়েছে। বিচারের দাবিতে তাঁরা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের হাতে-পায়ে ধরছেন। থানায় মামলা দিতে না পেরে তাঁরা আদালতে মামলা করেছেন। কিন্তু কোনো আসামি গ্রেপ্তার করা হচ্ছে না। উল্টো আসামিরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত বসির উদ্দিনের পাঁচ মেয়ের ছোট আনোয়ারা খাতুন ১৯ ডিসেম্বর মারা গেছেন। তাঁর স্বামীর বাড়ির লোকজন বলছেন, আনোয়ারা আত্মহত্যা করেছেন। আর চার বোনের অভিযোগ, আনোয়ারাকে শ্বাস রোধ করে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। আনোয়ারার বড় চার বোন হলেন: হালিমা খাতুন, হাজেরা খাতুন, পিঞ্জিরা খাতুন ও মঞ্জুরা খাতুন। বাবার মৃত্যুর পর তাঁরা পাঁচ বোন খুব কষ্টে বড় হয়েছেন। তিন শতক ভিটাবাড়ি ছাড়া আর কোনো জায়গা-জমি নেই। বিয়ে হয়েছে বিভিন্ন জায়গায়। আনোয়ারা খাতুনের বিয়ে হয় নয় বছর আগে গ্রামের আবদুল গফ্ফারের সঙ্গে। পিঞ্জিরা খাতুন জানান, বিয়ের পর আনোয়ারা বাবার বাড়িতে থাকতেন। গ্রামেই স্বামীর বাড়ি হওয়ায় মাঝেমধ্যে সেখানে যেত। তাঁর অভিযোগ, আবদুল গফ্ফার এক লাখ টাকার জন্য প্রায়ই আনোয়ারাকে মারধর করতেন। বলতেন বিয়ের সময় দেওয়ার কথা ছিল। না দিলে তাঁকে শেষ করে ফেলবেন। কিন্তু টাকা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই। তাই বেশ কয়েকবার বাড়িতে এসে তাঁরা চার বোন গফ্ফারকে বুঝিয়েছেন। তার পরও তিনি কথা শোনেননি। পিঞ্জিরা খাতুন আরও জানান, গত ১৯ নভেম্বর রাতে তিনি বাবার বাড়িতে ছিলেন। আনোয়ারা বাড়িতে ঘুমাচ্ছিলেন। সন্ধ্যায় গফ্ফার তাঁদের বাড়িতে এসে আনোয়ারার সঙ্গে খুব খারাপ আচরণ ও একপর্যায়ে মারধর করেন। তাঁরা ঠেকিয়ে দেওয়ার পর গফ্ফার চলে যান। এর কিছুক্ষণ পর আবার এসে আনোয়ারাকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। পরদিন সকালে খবর দেওয়া হয়, তাঁর বোন রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তাঁরা ছুটে গিয়ে দেখতে পান, আনোয়ারার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁরা সেই সময়ই পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কথা শোনেননি। পুলিশ হত্যা মামলা গ্রহণ না করে অপমৃত্যুর মামলা নেয়। পরে তাঁরা ২ ডিসেম্বর ঝিনাইদহ আদালতে আবদুল গফ্ফার ও তাঁর দুই ভাইকে আসামি করে মামলা করেন। আদালত ওই মামলাটি নথিভুক্ত করতে কালীগঞ্জ থানার পুলিশকে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশে মামলাটি নথিভুক্ত হলেও আসামি আটক করছেন না।আরেক বোন হাজেরা খাতুন অভিযোগ করেন, আসামিপক্ষ তাঁদের চার বোনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। বলা হচ্ছে, তাঁদের অবস্থাও ছোট বোনের মতো হবে। পুলিশের এই ভূমিকার কারণে হত্যার বিচার আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয়ে আছেন।মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, তাঁরা এখনো নিশ্চিত নন—এটা হত্যা, না আত্মহত্যা। তার পরও আদালতের নির্দেশ থাকায় মামলাটি গ্রহণ করেছেন। এখন অপেক্ষায় আছেন ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এ কারণে এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।পলাতক থাকায় আসামিদের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।