ছোট-বড় অসংখ্য গর্ত ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মেরামতের প্রায় দেড় বছরের মাথায় কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ সড়কটির অনেক স্থানের কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। কয়েকটি স্থানে সড়কের পাশের মাটিও গেছে সরে। এর কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সরেজমিনে গত বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে, প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কের গাজিমুড়া, মোহাম্মদপুর, গোবিন্দপুর, মিজিয়াপাড়া, গাজিরপাড়, আশিরপাড়, খানাতুয়া, রশিদপুর, গোয়ালিয়ারা ও হাটিরপাড় এলাকায় সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গেছে এবং ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তগুলোতে পানি জমে আছে। হেলেদুলে যাতায়াত করছে যাত্রীবাহী বিভিন্ন যান। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এই সড়কটি মেরামতের জন্য ২০০৯ সালে এক কোটি ১৫ লাখ ২৪ হাজার ৯৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছর দরপত্র আহ্বান করা হলে ঢাকার ধানমন্ডাির মেসার্স মেঘনা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একই বছরের ৬ সেপ্টেম্বর থেকে এক বছরের মধ্যে সড়কের মেরামতকাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি মাত্র দেড় মাসের মধ্যে সড়কের মেরামতকাজ সম্পন্ন করে। গত বছরের ২৮ জানুয়ারি চূড়ান্ত বিল তুলে নেয়। এলাকাবাসী অভিযোগ করেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির পক্ষে স্থানীয় এক প্রভাবশালী নেতার একজন আত্মীয় মেরামতকাজ করেন। খুবই নিম্নমানের কাজ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন ওই ব্যক্তি। মেরামতের প্রায় ছয় মাসের মাথায়ই সড়কের অনেক স্থানের কার্পেটিং উঠে গিয়ে ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়। পরে বৃষ্টির পানি জমায় ও যানবাহন চলাচলের কারণে গর্তগুলো আকারে বড় হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আবদুল বাছির বলেন, ‘অল্প কিছুদিন হয়েছে এখানে যোগ দিয়েছি। সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পৌর সড়কগুলোও বেহালদীর্ঘদিন ধরে লাকসাম পৌর শহরের সড়কগুলো সংস্কার না করায় এগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। অধিকাংশ সড়কের খানা-খন্দে পানি জমে থাকায় হেঁটে চলারও উপায় থাকে না।উপজেলা পরিষদ সড়ক, দক্ষিণ লাকসাম সাহাপাড়া-বাইপাস সড়ক, পুরাতন বাসস্ট্যান্ড সড়ক, নোয়াখালী রেলগেইট-পৌরসভা সড়ক, লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় সড়ক, খান্দানি মার্কেট সড়ক, লাকসাম জংশন সড়ক, ব্যাংক সড়ক, দৌলতগঞ্জ রেলস্টেশন সড়ক, ধানবাজার ও রাজঘাট সড়ক, এতিমখানা সড়ক, নোয়াখালী সড়ক, মিয়াপাড়া, কলেজপাড়া, নবাবপাড়া ও চৌদ্দগ্রাম সড়কের পানি নিষ্কাশনের কোনো নালা নেই। শহরের পানি নিষ্কাশনের নালাগুলো এখন মাটি ও ময়লা আবর্জনায় চাপা পড়ে বেদখল হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। পৌরবাসীর দুর্ভোগের সীমা থাকে না।পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. বাহার উদ্দিন প্রথম আলোকে বলেন, পৌর শহরের সড়ক ও পানি নিষ্কাশনের জন্য নালা ব্যবস্থার উন্নয়নে এ মুহূর্তে কোনো অর্থ বরাদ্দ নেই। অর্থ বরাদ্দ পেলেই এ ব্যবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।