ছোট ভাই ও তাঁর স্ত্রীকে কুপিয়েছেন বড় ভাই ও সহযোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের জায়গা দখলের জন্য ছোট ভাই ও তাঁর স্ত্রীকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছেন বড় ভাই ও তাঁর সহযোগীরা। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার জাকিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।জাকিরাবাদ এলাকার সোলায়মান জানান, ইদ্রিচের ছেলে শফিক ২৫ বছর ধরে জাকিরাবাদ এলাকায় বন বিভাগের জায়গায় ঘর তৈরি করে বসবাস করছেন। কিন্তু তাঁর বড় ভাই মো. হারুন ওই জমি দখলের জন্য ১৫-১৬ জন দুর্বৃত্ত নিয়ে গতকাল বেলা দুইটায় কিরিচ দিয়ে কুপিয়ে শফিক (৩৫) ও তাঁর স্ত্রী দিলুয়ারাকে (২৮) আহত করেন। স্থানীয় লোকজন তাঁদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সানজিদা আবছার জানান, দিলুয়ারার বাঁ হাতের আঙুল কেটে গেছে। শফিকের মাথায় কিরিচের আঘাত গুরুতর। দিলুয়ারা বলেন, ‘ভূমিহীন হিসেবে বন বিভাগের জায়গায় ঘর করে বসবাস করছি। জমি ছেড়ে দেওয়ার জন্য বন বিভাগ একাধিকবার উচ্ছেদ নোটিশও দিয়েছে। কিন্তু স্বামীর বড় ভাই হারুন ওই জমি দখলের পাঁয়তারা করছেন। পৌরসভায় তাঁর বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে। এখন থানায় মামলা করব।’রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ বলেন, সমস্যা সমাধানের জন্য বৈঠক হলেও হারুন তা অমান্য করে জোরপূর্বক দখলের জন্য গতকাল শফিকের ঘরে হামলা চালান।