ছোট ভাইকে গলা কেটে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির বিরুদ্ধে ছোট ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম দুলাল হোসেন (৩২)। তিনি উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের মৃত মোকাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও দুলালের স্ত্রীর বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবদুল মালেক (৪৫) ও তাঁর ছোট ভাই দুলাল হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আবদুল মালেক পরিবার নিয়ে শেরপুর সদরে বসবাস করেন। গত বুধবার সন্ধ্যায় তিনি গোল্লারপাড় গ্রামের বাড়িতে জমির খোঁজ নিতে আসেন। রাতে শেরপুর না গিয়ে ছোট ভাই দুলালের ঘরের পাশের কক্ষে রাত যাপন করেন। মালেক শেষ রাতে দুলালকে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। মৃত্যু নিশ্চিত করতে তিনি দুলালের গলা কেটে ফেলেন। এ সময় দুলালের স্ত্রী আছিয়া খাতুন ভয়ে শিশুসন্তান জিহাদকে (১) নিয়ে ঘর থেকে পালিয়ে যান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে দুলালের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে দুলালের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে আবদুল মালেককে আসামি করে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন।
দুলালের চাচা রূপচান আলী জানান, দুই ভাইয়ের মধ্যে তিন একর জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার জমি নিয়ে তাঁদের মধ্যে বাগিবতণ্ডাও হয়েছে। আছিয়া খাতুন বলেন, ‘শেষ রাতে ঘুমন্ত অবস্থায় আমার স্বামীর বুকের ওপর উঠে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন ভাশুর আবদুল মালেক। আমি ভয়ে সন্তান নিয়ে পালাতে বাধ্য হই। স্বামীকে হত্যার উপযুক্ত বিচার চাই।’
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবদুল মালেক পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।