ছোট ভাইকে ডাকতে গিয়ে পেলেন প্রাণহীন দেহ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের আবদুল মান্নান (৪০) গতকাল রোববার সকালে ঘুম থেকে উঠে ছোট ভাইকে ডাকতে গিয়ে দেখেন, বিছানায় ছোট ভাই আবদুল হান্নানের (৩০) মস্তকবিহীন দেহ পড়ে আছে। আবদুল হান্নান একজন ভ্যানচালক। তাঁর বাবার নাম জসিমুদ্দিন। মস্তকহীন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাতে আবদুল হান্নানের স্ত্রী তাঁদের শিশুপুত্রকে নিয়ে তাঁর বাবার বাড়িতে ছিলেন। রাতে বাড়িতে এসে হান্নান কখন ঘুমিয়েছেন তা বুঝতে পারেননি তাঁর পরিবারের অন্য সদস্যরা। তাঁরা ধারণা করছেন, রাতের কোনো একসময়ে নিজ ঘরে হান্নানকে দুর্বৃত্তরা গলা কেটে কখন তাঁর মাথা নিয়ে গেছে, তা কেউ বুঝতে পারেননি।হান্নানের মাথা উদ্ধারের জন্য গ্রামের কয়েকটি পুকুরসহ বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক তল্লাশি করলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত সেটি উদ্ধার করতে পারেনি। এ নিয়ে এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। জামায়াত-শিবিরের তাণ্ডব কি না, সেটি নিয়েও আশঙ্কা করছেন অনেকেই। এ ঘটনায় দুর্গাপুর থানায় আবদুল মান্নান মামলা করেছেন।দুর্গাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওমর আলী বলেন, কললিস্টের সূত্র ধরে তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর তিন ভাইসহ চারজনকে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও ক্ষতিয়ে দেখা হচ্ছে।পুঠিয়া সার্কেল এএসপি কাজেম উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, ধারালো অস্ত্র দিয়ে হান্নানকে দুর্বৃত্তরা খুন করে মাথা নিয়ে চলে গেছে। তাঁর বাঁ হাতেও একটি আঘাতের চিহ্ন ছিল। লাশ বিছানায় পড়ে ছিল। দরজার একটি পাল্লা খোলা ছিল। এতে করে নিশ্চিত হওয়া গেছে, কোনো প্রশিক্ষিত খুনির দ্বারাই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।