ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ লাগানো নিয়ে বিরোধের জের ধরে পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম শওকত আলী বিশ্বাস (৪৫)। গত শনিবার বিকেলে আহতাবস্থায় শওকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তিনি মারা যান। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে শওকতের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, শওকত আলী কৃষিকাজ করতেন। সম্প্রতি পৈতৃক জমির ভাগাভাগি নিয়ে বড় ভাই আওকাত আলী বিশ্বাসের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়। শনিবার বিকেলে আওকাত তাঁদের পৈতৃক বাড়িতে নারকেলগাছ লাগাতে থাকেন। এ সময় শওকত আলী তাঁকে গাছ লাগাতে নিষেধ করেন। এতে আওকাত আলী ক্ষিপ্ত হয়ে উঠলে দুই ভায়ের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আওকাত আলী তাঁর স্ত্রী ও ছেলের সহযোগিতায় ছোট ভাইকে এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে পালিয়ে যান। প্রথমে শওকতকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘আসামিরা পালাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’