ছোট ভাইকে ফাঁসাতে গিয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাইয়ের ঘরে ফেনসিডিলের বোতল রেখে ফাঁসানোর চেষ্টা করার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব। নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া বড় ভাইয়ের নাম শাহজাহান আলী (৩৫)। আর ছোট ভাইয়ের নাম আজহার। তাঁরা উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, শাহজাহান ও আজাহারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। আজহারকে মাদক মামলায় ফাঁসিয়ে সম্পত্তি ভোগ করতে চেয়েছিলেন শাহজাহান। এ জন্য তিনি আজহারের ঘরে কৌশলে ফেনসিডিলের ১৯টি বোতল রাখেন এবং বিষয়টি র্যাবকে জানান। শনিবার দুপুরে র্যাবের একটি দল আজহারের ঘরে তল্লাশি চালিয়ে ফেনসিডিলের বোতলগুলোসহ তাঁকে আটক করে। এ সময় স্থানীয় লোকজন ও শাহজাহানের অন্য ভাইয়েরা আজহারকে নির্দোষ দাবি করায় র্যাব সদস্যরা বিপাকে পড়েন। পরে ফেনসিডিলভর্তি ব্যাগ ও ব্যাগের ভেতরের কাপড় পর্যবেক্ষণ করে শনাক্ত হয় এগুলো শাহজাহানের।বড়াইগ্রাম থানা সূত্রে আরও জানা গেছে, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে শাহজাহান আলী ঘটনার সত্যতা স্বীকার করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে র্যাব কর্মকর্তা বুলবুল বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।