ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বড় ভাই খুন
ময়মনসিংহে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ শহরের নওমহল গইজ্জারবাড়ী বাজার এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে থানা পুলিশ ওই এলাকা থেকে চারজনকে আটক করেছে। পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন আগে নওমহল গইজ্জারবাড়ী এলাকার মৃত আবদুল খালেকের ছেলে নবম শ্রেণীর ছাত্র পারভেজ মিয়ার সঙ্গে একই এলাকার কামাল মিয়ার ছেলে জীবন মিয়ার কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল সকালে নওমহল আর কে মিশন রোডের ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ২০০ গজ দূরের ৩৬ কলোনি বাজারের এক কোণে জীবন মিয়া ও তাঁর বড় ভাই হাবিবুর রহমান কয়েকজন সহযোগী নিয়ে পারভেজকে মারধর করতে থাকেন। খবর পেয়ে পারভেজের বড় ভাই গার্মেন্টসের কর্মী রুবেল মিয়া ঘটনাস্থলে গিয়ে ছোট ভাইকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় হাবিব ধারালো ছোরা দিয়ে রুবেলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পারভেজের চিত্কারে বাজারের লোকজন এসে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে জীবন ও হাবিবের চারজন সহযোগী সারোয়ার হোসেন, সাব্বির আহমেদ, আমীন মিয়া ও শরীফ মিয়াকে আটক করেছে।নিহত রুবেলের খালাতো ভাই জুয়েল গনি জানান, রুবেলের বাবা মারা যাওয়ার পর তাঁর এসএসসি পরীক্ষা আর দেওয়া হয়নি। গার্মেন্টসে কাজ করে তিনি ছোট চার ভাইবোন আর মায়ের দেখাশোনা করতেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটক হওয়া ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুনের মূল হোতা জীবন ও হাবিবকে আটকের চেষ্টা চলছে। রুবেলের বৃদ্ধ মা ও তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বারবার মূর্ছা যাচ্ছেন। রুবেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।