ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটাখোলা গ্রামে ছোট ভাই পলাশকে হত্যার দায়ে বড় ভাই মো. সুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

এ ছাড়া হত্যাকারীকে বাঁচানোর চেষ্টায় অপমৃত্যু মামলা করার অভিযোগে চাচা মো. আবদুল হেকিমকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২ জুন রাতে ইটাখোলা গ্রামের মো. আলিকুল ওরফে খালেক নেওয়াজের ছেলে সুজন ও পলাশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাঠ দিয়ে পলাশের মাথায় আঘাত করেন সুজন। আহত পলাশকে প্রথমে এক গ্রাম্য চিকিত্সককে দিয়ে চিকিত্সা করানো হয়। অবস্থার অবনতি হলে পরের দিন তাঁকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

মামলার বিবরণে আরও জানা যায়, সুজনকে বাঁচানোর জন্য চাচা আবদুল হেকিম আটপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল আমীন একই বছরের ৫ অক্টোবর সুজন ও আবদুল হেকিমের বিরুদ্ধে আটপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০০ সালের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় দেন।