ছোট ভাইদের লাঠির আঘাতে ইউপি সদস্য খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাহরাজ মৃধা (৬৫) ছোট ভাইদের লাঠির আঘাতে খুন হয়েছেন। উপজেলার বুড্ডা গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুড্ডা গ্রামের মাহরাজ মৃধার সঙ্গে পৈতৃক জমি নিয়ে তাঁর ছোট চার ভাই ফুরু, জুরু, খালেক ও শফিক মৃধার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার মাহরাজ মৃধা জীবনের নিরাপত্তা চেয়ে ছোট ভাই খালেক মৃধাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এতে ভাইদের সঙ্গে মাহরাজের বিরোধ চরম আকার ধারণ করে। পরে বিরোধ নিষ্পত্তির জন্য প্রতিবেশীদের সহায়তায় মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে মাহরাজের উঠানে এক সালিস বৈঠক বসে।বৈঠকের একপর্যায়ে ছোট ভাইয়েরা লাঠিসোঁটা দিয়ে মাহরাজের ওপর হামলা চালান। এতে মাহরাজ, তাঁর দুই ছেলে দ্বীন ইসলাম, হাফিজুল ইসলাম ও মেয়ে পুতুল বেগম গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহরাজকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে মাহরাজের ভাইয়েরা পলাতক রয়েছেন। গতকাল বুধবার জেলা সদর হাসপাতালে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।