ছোট ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা!
পৈতৃক সম্পত্তির ভাগ না পেয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বুরহানউদ্দিন নামের এক ব্যক্তি তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিদলা ইউনিয়নের নামা সিদলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামা সিদলা গ্রামের মৃত সদরউদ্দিনের তিন ছেলে সোহরাবউদ্দিন, বুরহানউদ্দিন ও ফারুকউদ্দিন। পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে ১৯৯২ সালে বড় ভাই সোহরাবউদ্দিন খুন হন। ভাইকে হত্যার দায়ে বুরহানউদ্দিনের যাবজ্জীবন সাজা হয়। মৃত্যুর আগে সদরউদ্দিন তাঁর সব সম্পত্তি ছোট ছেলে ফারুককে লিখে দিয়ে যান। দেড় মাস আগে বুরহান কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি এসে ছোট ভাই ফারুকের কাছে বাবার সম্পত্তির ভাগ দাবি করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
সিদলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার (আজ) চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বুরহান ভাই ফারুকের স্ত্রী ও দুই সন্তানকে খুন করে পালিয়ে যান।
ফারুকের বেঁচে যাওয়া একমাত্র মেয়ে ফাতেমা খাতুন (১১) জানায়, তার বাবাকে ছুরি হাতে নিয়ে কয়েকবার ধাওয়া করেছেন চাচা। গতকাল বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি এসে ফাতেমা দেখতে পায় মা নাজমা খাতুন (৩৮) এবং ভাই শাহজাহান মিয়া (৯) ও লিমন মিয়া (৫) রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছে। এ সময় লিমন নড়াচড়া শুরু করলে বাবা তাকে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে লিমন মারা যায়। মা নাজমা ও ভাই শাহজাহান ঘটনাস্থলেই মারা যায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ তিনটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বুরহানউদ্দিনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের পর রক্তাক্ত জামাকাপড় পাল্টে বুরহান নান্দাইল পৌরশহরের বাসস্ট্যান্ডে গিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাঁকে আটক করে হোসেনপুর থানায় নিয়ে যায়।
শেরপুরে দুজন খুন: শেরপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার লছমনপুর ও কামারেরচর ইউনিয়নে গতকাল আবদুল মজিদ (১৮) ও এমদাদুল হক (২৬) নামের দুই ব্যক্তি খুন হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আবদুল মজিদকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে। তারা লাশ কৃষ্ণপুর দড়িপাড়া মসজিদের সামনে ফেলে রেখে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এদিকে কামারেরচর ইউনিয়নের কামারেরচর বাজারের আধিপত্য বিস্তার নিয়ে চরবাবনা গ্রামের খান বাড়ির লোকজনের সঙ্গে পাশের সাহাব্দীরচর গ্রামের নিজামউদ্দিনের বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল খানবাড়ির ইউসুফ খান ও মোহামঞ্চদ আলীর নেতৃত্বে ২৫-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে কামারেরচর পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে নিজামের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের ফালার আঘাতে এমদাদুল হক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে এমদাদুল মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম গতকাল রাতে বলেন, মজিদ হত্যার ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ে। অপরদিকে কামারেরচর ইউনিয়নের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।