নাটোরের সিংড়া উপজেলায় আবদুল মালেক নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ছোট ভাই খালেকের গুলিতে তিনি নিহত হয়েছেন। দুই ভাইয়ের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটে। সিংড়া থানা সূত্রের ভাষ্যমতে, গত রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার চৌগ্রামে রাস্তার পাশের একটি কুঁড়েঘরে আবদুল খালেকের (২৫) সঙ্গে তাঁর বড় ভাই আবদুল মালেকের (৩২) ফেনসিডিল বেচাকেনার টাকার ভাগাভাগি নিয়ে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে খালেক তাঁর লাইসেন্সবিহীন পিস্তল দিয়ে মালেককে গুলি করেন। গুলিটি মালেকের বুকে লাগলে তিনি পড়ে যান। স্থানীয় লোকজন মালেককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুল মালেকের স্ত্রী দোলেনা বেগম রোববার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁর দেবর খালেকের গুলিতে তাঁর স্বামী মালেক মারা গেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালেক ও মালেক দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এ কারণে একাধিকবার তাঁরা হাজতও খেটেছেন। খালেক সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন হত্যা মামলারও আসামি ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে ওই মামলা থেকে অব্যাহতি পেয়ে তিনি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছেন।