ছোট ভাইয়ের ছুরিকাঘাত, চার দিন পর বড় ভাইয়ের মৃত্যু
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত হয়ে চার দিন পর মারা গেছেন সাভারের ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফারুক চৌধুরী (৩১)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার ভোরে তিনি মারা যান।
ফারুক সাভারের শলমাসি গ্রামের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী মেজো ছেলে এবং ভাকুর্তা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
সাভার মডেল থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেনা-পাওনা নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় নিজেদের বাড়িতে ফারুক চৌধুরীর সঙ্গে তাঁর ছোট ভাই জাবেদ চৌধুরীর বাগবিতণ্ডা হয়। এ সময় তাঁদের বাবা মহিউদ্দিন চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বাগবিতণ্ডার একপর্যায়ে ফারুক ধমক দিয়ে ছোট ভাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন। জাবেদ এতে ক্ষিপ্ত হয়ে ফারুকের বুকে ছুরিকাঘাত করে দ্রুত বাসা থেকে বের হয়ে যান।
ঘটনার পর মুমূর্ষু অবস্থায় ফারুককে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে এক দিন পর শুক্রবার সকালে তাঁকে ভর্তি করা হয় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে ওই দিন দুপুরে তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইবনে-সিনা হাসপাতালে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
ফারুক মারা যাওয়ার পর স্বজনেরা পুলিশকে না জানিয়ে আজ সকালে তাঁর লাশ শলমাসি নিয়ে এসে দাফনের চেষ্টা করেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে তাঁর লাশ শলমাসি এনে দাফন করা হয়।
এ প্রসঙ্গে সাভার মডেল থানা উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বলেন, এক ছেলের ছুরিকাঘাতে আরেক ছেলে মারা যাওয়ার কারণে পরিবার থেকে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, নিহত ব্যক্তির বাবা বা স্ত্রী মামলা করতে অপারগতা প্রকাশ করায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আর জাবেদ পলাতক থাকায় তাঁকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে নিহত ফারুকের বাবা মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যে মারা গেছে, সে তো আর কখনো ফিরে আসবে না। জ্যান্ত ছেলেকে আর ফাঁসির দড়িতে ঝুলাতে চাই না।’
ফারুকের স্ত্রী বৃষ্টি বেগম বলেন, ‘আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, মামলা করে আর কী লাভ হবে।’
তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশকে বাদী করে হত্যা মামলা করা হবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।