ছোট ভাইয়ের দায়ের কোপে আহত বড় ভাইয়ের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে হাতেম আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২৫ মার্চ বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নছিমদ্দিনের ছোট ছেলে ইয়াকুব আলী (৩৬) বাড়ির সীমানার গাছ কাটতে গেলে বড় ভাই হাতেম আলী তাতে বাধা দেন। দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে ইয়াকুব দা দিয়ে হাতেম আলীর ঘাড়ে কোপ দেন। এ সময় হাতেমের স্ত্রী মাজেদা বেগম ও ছেলে মনির বাধা দিলে তাঁদেরও কুপিয়ে আহত করেন ইয়াকুব। পরে গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাতেমের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হাতেম মারা যান।নালিতাবাড়ী ওসি গোলাম হায়দার বলেন, এ ব্যাপারে নিহত হাতেম আলীর স্ত্রী একটি মামলা করেছেন।