ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুন্তিনগর ইউনিয়নের চকচকিয়া গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই শওকত আলী (৫৫) খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড়ে বাড়ির উঠানের একটি গাছের ডাল ভেঙে পড়ে। সকাল ১০টার দিকে ভেঙে পড়া সেই গাছের ডাল সংগ্রহ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই ছামছুল ইসলাম তাঁর ছেলেদের নিয়ে বড় ভাই শওকতের ওপর হামলা চালান। তাঁরা শওকত আলীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে ঘটনাস্থলেই শওকত নিহত হন।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আজ সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।