ছোট যানবাহন টোলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুর-মানিকগঞ্জের সিঙ্গাইর সড়কের ভাষাশহীদ রফিক সেতুতে দুই ও তিন চাকার যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহনের কোনো টোল দিতে হবে না। আর বড় যানবাহনের টোল আদায় করা হবে আগের হারেই। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার সেতু পরিদর্শনে এসে এ ঘোষণা দেন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, ২০০০ সালে ধলেশ্বরী নদীর ওপর ভাষাশহীদ রফিক সেতু নির্মাণের পর ইজারাদারের মাধ্যমে যানবাহন থেকে বিভিন্ন হারে টোল আদায় করা হচ্ছিল। গত জানুয়ারি থেকে টোল আদায় করছিল সওজ। প্রতিবারে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা, বাস থেকে ৫০ টাকা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস থেকে ২০ টাকা, দুই ও তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন থেকে ১৫ ও ১০ টাকা হারে টোল আদায় করা হচ্ছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে যোগাযোগ মন্ত্রণালয় প্রতিটি যানবাহনের টোল ১০ টাকা হারে বাড়িয়ে দেয়, যা গতকাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। বর্ধিত হারের টোলের তালিকা সেতু এলাকায় টাঙানোও হয়েছিল।
টোল মওকুফের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও ভ্যানের চালক ও মালিকেরা গত রোববার সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ বিষয়ে গত সোমবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন পড়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সকাল সাড়ে ১০টায় হেমায়েতপুরের তেঁতুলঝোড়ায় সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিকদের সঙ্গে আলাপকালে দুই ও তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন থেকে টোল আদায় না করতে সওজ কর্মকর্তাদের নির্দেশ দেন।