ছোট সড়কে জলাবদ্ধতা শহরবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি সানকিপাড়া মোড় থেকে গতকাল সকাল ৮টায় তোলা l প্রথম আলো
বৃষ্টিতে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি সানকিপাড়া মোড় থেকে গতকাল সকাল ৮টায় তোলা l প্রথম আলো

ভোর থেকেই মেঘের ঘনঘটা। তিন ঘণ্টার ভারী বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ পৌরসভার প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রধান সড়কগুলোর পানি দ্রুত নেমে গেলেও ছোট সড়ক ও গলিতে দীর্ঘ সময় পানি জমে থাকে। এতে দুর্ভোগে পড়ে শহরবাসী।

পৌরসভার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায়ই তাদের এ রকম ভোগান্তিতে পড়তে হয়। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। পানিনিষ্কাশন হতে অনেক সময় লাগে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, গত কয়েক বছরে শহরের জলাবদ্ধতা নিরসনে পানিনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। এর সুফল হিসেবে প্রধান সড়কগুলোর পানি দ্রুত নেমে যায়। শহর ও শহরতলির খালগুলো ভরাট হয়ে যাওয়ায় ছোট রাস্তা ও গলি থেকে পানিনিষ্কাশন হতে সময় লাগে।

গতকাল সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, শহরের নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সানকিপাড়া, পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার সড়কগুলোয় পানি জমে আছে। এ ছাড়া আকুয়া, নওমহল, লিচু বাগান, সেনবাড়ি এলাকার গলিগুলোয় হাঁটু থেকে কোমরসমান পানি রয়েছে। সকাল নয়টার মধ্যে নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সানকিপাড়া ও পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার পানি নেমে যায়। তবে আশপাশের গলিতে তখনো পানি জমে ছিল।

আকুয়া এলাকার সর্দারবাড়ি ও সরকারবাড়ি গলি, কমিশনার আফতাব উদ্দিন সড়ক, আকুয়া-নওমহল সড়ক, লিচু বাগান এলাকায় কয়েকটি গলিতে সাড়ে ১০টার দিকেও ছিল হাঁটুপানি। মানুষ ঘরের ভেতর আটকে আছে। তবে ওই পানির ভেতর দিয়েই অনেকে কর্মস্থলে যাচ্ছেন। সর্দারবাড়ি গলির মুখে একটি খালের পানি উপচে স্রোতের সৃষ্টি হয়েছে। সড়কটির প্রায় ১০০ মিটার হেঁটে চলাচল করা ঝুঁকিপূর্ণ বলে জানান কয়েকজন পথচারী। সুমন মিয়া নামের এক কিশোর সড়কের ওই অংশ ভ্যানে করে লোকজন পার করে দিচ্ছে। বিনিময়ে সে জনপ্রতি পাঁচ টাকা নিচ্ছে। একই দৃশ্য দেখা যায় নওমহল সরকারবাড়ি সড়কে। শাহারুল নামের আরেক কিশোর ভ্যানে করে প্রায় জলমগ্ন ২০০ মিটার রাস্তা পার করে দিচ্ছে। তবে ভ্যানে জায়গা না পেয়ে অনেকেই হেঁটে কাজে যাচ্ছেন।

কয়েকজন পথচারী বলেন, বর্ষাকালে জলাবদ্ধতা তীব্রতর হয়। তাঁদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সর্দারবাড়ি এলাকায় অন্তত ২০০ পরিবার বাস করে।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের আকুয়া, লিচু বাগান, নওমহল, সেনবাড়ি ও সানকিপাড়া এলাকার অন্তত ১০টি গলিতে জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র চোখে পড়ে। নওমহল এলাকায় কমিশনার আফতাব উদ্দিন দুলাল সড়কের কয়েকজন বাসিন্দা বলেন, খাল ও নর্দমার পানি উপচে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নোংরা হওয়ায় সেখানে হাঁটাও দুষ্কর হয়ে পড়ে।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, শহরতলির খালগুলো ভরাট হওয়াই জলাবদ্ধতার প্রধান কারণ। ওই সব খালের বেশির ভাগ অংশ পৌরসভার বাইরে পড়েছে। এ সমস্যার সমাধানে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। পৌরসভার মধ্যে এসব খাল ও নর্দমায় অনেকে পলিথিনসহ বিভিন্ন আবর্জনা ফেলে। জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হতে হবে।