ছোট হয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত
কুয়াকাটা সমুদ্রসৈকত ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ আর সাগরের জোয়ারের তাণ্ডব সৈকত ছোট হওয়ার অন্যতম কারণ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুয়াকাটার শাখা কর্মকর্তা (এসও) মনজুর আলম জানান, কুয়াকাটা সৈকত বছরে প্রস্থে ৫০ ফুটের মতো সাগরগর্ভে বিলীন হচ্ছে। গত ১০ বছরে সৈকতের অন্তত এক কিলোমিটার জায়গা সাগর গ্রাস করে ফেলেছে। মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুরেন চন্দ্র শীল বলেন, কুয়াকাটা সৈকত প্রতিবছরই ভাঙছে। বছরে সৈকতের ৪০ থেকে ৫০ ফুট সাগরের ঢেউয়ের তোড়ে বিলীন হচ্ছে। গত ২০ বছরে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার সৈকত বিলীন হয়ে গেছে।
সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য অবলোকনের জন্য কুয়াকাটা সৈকতে ছুটে আসেন পর্যটকেরা। অথচ এই সৈকত সুরক্ষায় কারও নজর নেই বললেই চলে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতীর সংরক্ষিত বনাঞ্চল এবং জিরো পয়েন্ট থেকে পশ্চিমে লেম্বুর চর পর্যন্ত সৈকত ভেঙে সরু হয়ে গেছে। সৈকতের কোনো কোনো স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় সৈকত ভেঙে এবড়োখেবড়ো হয়ে গেছে। ভাঙন এতটাই ভয়াবহ যে সৈকত-লাগোয়া নারকেলবাগানও ভাঙনের কবলে পড়েছে। সাগরের ঢেউয়ের ঝাপটায় উপড়ে পড়ছে বাগানের গাছ। একসময়কার তিন কিলোমিটার প্রস্থ সৈকত ভাঙতে ভাঙতে এখন আধা কিলোমিটারে ঠেকেছে। কোনো কোনো স্থানে সৈকতের প্রস্থ আধা কিলোমিটারেরও কম। এখানে যাওয়ার মূল সড়কটির দক্ষিণ দিকের অংশ থেকে অন্তত ২৫ ফুটের মতো ভেঙে গেছে।
কুয়াকাটা উন্নয়ন সোসাইটির (কেডিএস) নির্বাহী পরিচালক রুম্মান ইমতিয়াজ বলেন, কুয়াকাটা সৈকত বছরে ৫০ মিটারের মতো সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। তাই এটি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পাউবো কুয়াকাটা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভাঙনের তীব্রতা নিয়ে আমরাও চিন্তিত। বিশ্বব্যাংকের অর্থায়নে কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (সিইআইপি) মাধ্যমে সৈকত রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে সম্ভব না হলে আমরা অন্য কোনো উপায়ে অর্থের সংস্থান করে সৈকত রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’