
ছোট্ট এলাকা। ছোট দুটি রাস্তা। রাস্তা দুটি এলাকাটিকে সংযুক্ত করেছে দুই পাশের দুটি গুরুত্বপূর্ণ বড় সড়কের সঙ্গে। একদিকে মতিঝিলগামী সড়ক। অন্যদিকে টিকাটুলি সড়ক। পুরো এলাকার নাম হাটখোলা হলেও কাগজে কলমে একটি সড়কের নাম ভগবতী ব্যানার্জি রোড। প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার মানুষ। চলে অজস্র গাড়ি। অথচ দিনের পর দিন আধা কিলোমিটারের কম দৈর্ঘ্যর রাস্তা দুটির বেহাল দশা। খানাখন্দে ভরা। বর্ষায় পানি জমে, শুকনায় ধুলা ওড়ে। ম্যানহোল ঢাকনাবিহীন। নির্মাণাধীন একাধিক ভবনের ইট-পাথর রাস্তাজুড়ে রাখা। আর আছে ভবন করার সময় প্রয়োজনীয় জায়গা না ছেড়ে রাস্তাকে আরও সংকুচিত করে ফেলা।
মতিঝিল আর ওয়ারীর মাঝখানে এই এলাকাটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। আয়তনে খুব বেশি বড় না হলেও বেশ কিছু বহুতল ভবনের কারণে বাসিন্দার সংখ্যা অনেক। এ ছাড়া ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার বিভিন্ন এলাকার মানুষজন মতিঝিলের দিকে আসতে ব্যবহার করে এ দুটি সড়ক। এ এলাকায় আছে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিছুটা দূরে রাস্তা, আরেক পাশে কামরুন্নেছা গার্লস হাইস্কুল। প্রতিদিন আশপাশের কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে এ পথে।
এ রাস্তা পাকা করার জন্য এলাকার বাসিন্দারা অনেক দিন ধরেই দাবি জানিয়ে আসছেন। আজও তা পূরণ হয়নি। রাস্তার কোথাও আস্তরণ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় গর্ত। সন্ধ্যার পর এলাকার বেশির ভাগ অংশ অন্ধকার থাকে। এর ফলে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে বলে জানালেন এলাকার বাসিন্দারা।
বেসরকারি ব্যাংকে কর্মরত রাসেল কবির প্রতিদিন তাঁর হাটখোলা রোডের বাসা থেকে উত্তরায় যান অফিস করতে। যাতায়াতে কখনো গাড়ি আবার কখনো মোটরবাইক ব্যবহার করেন। রাসেল কবির বলেন, ‘বাসা থেকে বেরুলেই খানাখন্দ। বৃষ্টি হলে পানি জমে যায়। রাতে ফেরার পথে অন্ধকারে গর্তে পড়ে গিয়েছিলাম বেশ কয়েকবার।’
ভগবতী ব্যানার্জি রোডের মুখে আছে সায়েন্টিফিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যের মার্কেট। মামুন ম্যানসনের নিচে রাজধানী সায়েন্টিফিক স্টোরের আবদুল আজিজ বলেন, ‘এ রাস্তার কাজ হয়েছে আট বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এরপর কোনো পিচঢালাইয়ের কাজ হতে দেখিনি। এটা দেখার কেউ নেই। ব্যবসায়ীদের অভিযোগ, এই বেহাল রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের ব্যবসা। কেননা তাঁদের অনেক পণ্য আছে যেগুলোতে মূলত কাচ বা ভঙ্গুর যন্ত্রপাতি দিয়ে তৈরি।’
হাটখোলার একটি সড়কে বেশ কিছু ভবনের নির্মাণকাজ চলছে। রাস্তার প্রায় পুরো অংশ মালামাল ফেলে রাখা হয়েছে। মূল সড়কে ওঠার আগে রাস্তায় মাথায় লাগানো হয়েছে একটি লোহার গেট। স্থানীয় কয়েকজন বাসিন্দা বললেন, নির্বিঘ্নে নির্মাণকাজ চালানোর জন্য অকারণে গেট লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তার মুখ। ফলে পুরো চাপ পড়ে পাশের ভগবতী ব্যানার্জি রোডে। সারা দিনই যানজট লেগে থাকে সে রাস্তায়।
এলাকার প্রবীণ বাসিন্দা এম এ তালেব বলেন, ‘এখানে আমার নিজের বাড়ি। থাকি যুগের পর যুগ। আগে কখনো রাস্তার এমন খারাপ অবস্থা দেখিনি। রাস্তাটি চালু ছিল। এখন প্রায়ই বন্ধ থাকে। গ্যারেজ থেকে গাড়িও বের করার উপায় থাকে না।’
রাস্তার একটি অংশে নির্মাণাধীন বাড়ির সামনে প্রায় পুরোটা ইট, বালু, বাঁশ ফেলা। কথা বলতে চাইলে বেরিয়ে আসেন একজন। নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে শাহীন আলম স্বীকার করেন মালামালগুলো তাঁদেরই। চেষ্টা করছেন দ্রুতই সরিয়ে ফেলতে।
সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে কথা হলো ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর সঙ্গে। রাস্তার বর্তমান পরিস্থিতির ব্যাপারে তিনি অবগত। বললেন, ‘এই রাস্তাগুলো সংস্কারের জন্য আমি সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেছি। আজ (গতকাল মঙ্গলবার) এ বিষয়ে বৈঠক হওয়ার কথা। বৈঠকে পাস হলে শিগগিরই কাজ শুরু করব।’ গেট দিয়ে রাস্তা বন্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘ছিনতাই ঠেকাতে এলাকাবাসী গেট দিয়েছিল। রাস্তার কাজ ধরলে এই সমস্যাগুলোর সমাধানের ব্যবস্থা নেব, গেট খুলে দেব।’