খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে ওষুধ সংকট চলছে। চাহিদামতো ওষুধ বরাদ্দ না পাওয়া এবং ১০ শয্যার হাসপাতালে কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় এ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দরিদ্র লোকজনকে বাইরে থেকেই প্রয়োজনীয় সব ওষুধ কিনতে হচ্ছে।
সরেজমিনে হাসপাতালটির চিকিৎসক, ভান্ডাররক্ষক, ফার্মাসিস্ট ও রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০ শয্যার হলেও এখানে প্রতিদিন গড়ে ২৫ জন রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগ থেকেও প্রতিদিন গড়ে দেড় শ রোগী চিকিৎসা নেন।
প্রতি তিন মাস অন্তর ১০ শয্যার জন্য ওষুধ বরাদ্দ দেওয়া হয়। এক মাসেই তা ফুরিয়ে যায়। বরাদ্দ পাওয়া ওষুধগুলো সপ্তাহ খানেক আগে শেষ হয়ে গেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে এখন অ্যান্টিবায়েটিকসহ শিশুদের সব ওষুধের সংকট দেখা দিয়েছে।
হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া বিপুল চাকমা বলেন, ‘হাসপাতাল থেকে কোনো ওষুধ পাচ্ছি না। সব বাইরে থেকে কিনতে হচ্ছে।’
নিউমোনিয়া আক্রান্ত শিশু পারভেজের (দেড় বছর) মা পারভীন আক্তার বলেন, ‘আমি রাঙামাটির বাঘাইহাট থেকে ছেলেকে নিয়ে এসেছি, গরিব মানুষ। বাচ্চাটারে এখানে ভর্তি করতে পারলেও সব ওষুধপত্র বাইরে থেকে কিনতে হচ্ছে।’
ভান্ডাররক্ষক চুইচিং চাকমা বলেন, ‘আমরা সর্বশেষ ওষুধ বরাদ্দ পেয়েছিলাম ৯ সেপ্টেম্বর। এখানে রোগীর অনেক চাপ। কিন্তু চাহিদামতো ওষুধ পাওয়া যায় না। তিনি আরও বলেন, আমরা শ্বাসকষ্টের ইনজেকশন হাইড্রোকটিশনের চাহিদা দিয়েছিলাম এক হাজারটি, পেয়েছি মাত্র ১০০টি।’
ফার্মাসিস্ট দীপংকর দেওয়ান বলেন, ‘আমাদের বহির্বিভাগের জন্য ভান্ডার থেকে এক সপ্তাহের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তা দুই দিনেই শেষ হয়ে যায়।’
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ত্রিলোক চাকমা ওষুধ সংকটের কথা স্বীকার করে বলেন, ‘আমরা ওষুধ বরাদ্দ পাই ১০ শয্যার জন্য। অথচ আরও বেশিসংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। বরাদ্দ পাওয়া ওষুধ ১৫ দিনেই শেষ হয়ে যায়। এক সপ্তাহ ধরে হাসপাতাল থেকে শ্বাসকষ্টের রোগীদের কোনো ওষুধই দিতে পারছি না।’
সংকট নিরসনে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ। সে অনুযায়ী গত রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কিছু ওষুধ পাঠিয়েছেন তিনি।