আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ছোটখাটো ফৌজদারি অপরাধ আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থায় নিষ্পত্তির বিধান রেখে ফৌজদারি কার্যবিধিতে পরিবর্তন আনা হচ্ছে। বিচার শুরুর আগে মামলা ব্যবস্থাপনা কমিটি ছোটখাটো ফৌজদারি অপরাধের মামলাগুলো চিহ্নিত করে আদালতের বাইরে মীমাংসার জন্য পাঠালে আদালতে মামলার সংখ্যা কমবে। পাশাপাশি বিরোধের দ্রুত নিষ্পত্তি হবে।
আইনমন্ত্রী গতকাল শনিবার ঢাকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে ইউএনডিপি ও ইউকেএইডের সহযোগিতায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বাস্তবায়নাধীন ‘জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি’ প্রকল্প আয়োজিত ‘মামলা ব্যবস্থাপনা কমিটি গঠন ও সক্রিয়করণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিবদমান পক্ষগুলোর সমঝোতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হলে তা সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হয়। তবে এ পন্থায় জঘন্য অপরাধীরা যাতে বেরিয়ে যেতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। কার্যকর মামলা ব্যবস্থাপনা আদালতে মামলার চাপ কমাতে সহায়ক হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
আইন ও বিচার বিভাগের সচিব এ এস এস এম জহিরুল হকের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আমিনুল ইসলাম, পাবনার জেলা ও দায়রা জজ এম হাসান ইমাম, কুমিল্লার জেলা ও দায়রা জজ এ আর মাসুদ প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।