ছোটদের নিয়ে চলে আসুন

>
- বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশু প্রহর।
- সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে ঢুকলে মিলবে শিশু প্রাঙ্গণ।
- প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে পাবেন অসংখ্য শিশু-কিশোরের বই।
বাড়ির ছোটদের বই উপহার দেবেন? আজ বেলা ১১টায় অমর একুশে গ্রন্থমেলায় চলে আসুন। এখানে সারি সারি বই। গল্পের, ছড়ার, ছবির। বিচিত্র রং, বিচিত্র বিষয়। শিশুদের জন্য লেখা, কিশোরের উপযোগী লেখা। না কিনে দিয়ে থাকতেই পারবেন না!
কে বলে ছোটরা বই পড়ে না, মুঠোফোন-ট্যাবে ডুবে থাকে? আজ বইমেলায় আসেন, দেখবেন শত শিশু ঘুরে বেড়াচ্ছে বাবা-মায়েদের হাত ধরে। আবদার করছে। কিশোর-কিশোরেরা বই কিনছে, লেখকের অটোগ্রাফ নিচ্ছে। কারণে-অকারণে হেসে লুটোপুটি খাচ্ছে। আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে মেলার আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ছোটদের নিয়ে দল বেঁধে সকালে ঘুরে আসতে পারেন মেলায়। অবশ্য শিশুদের নিয়ে বিকেলেও গেলে কেউ বারণ করবে না।
কত সুন্দর সুন্দর বই। চোখ জুড়িয়ে যায়। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা প্রাঙ্গণে ঢুকলে মিলবে শিশু প্রাঙ্গণ। ঢোকার জন্য আলাদা রাস্তা। সাজানো হয়েছে শিশুরা পছন্দ করে এমন নানা রকমের দৈত্যদানবের ছবি দিয়ে। দৈত্যর গায়ে লেখা, ‘ফেসবুক ছেড়ে বই পড়ি, মনের মতো জীবন গড়ি’। আরেকটিতে লেখা, ‘পড়া খেলার নতুন সুর, চলো যাই সিসিমপুর’। ভেতরে ঢুকলে মাঝখানে শিশুদের খেলা, লম্ফঝম্প করার ব্যবস্থা। চারপাশে সারি সারি দোকান। সব কটিতেই শিশুদের বই।
আচ্ছা, আপনি কি মনে করেন গণিত খুব কঠিন বিষয়, এর থেকে দূরে থাকাই ভালো? ভুল করছেন। গণিতের মধ্যে যে কত আনন্দ, তা সবার কাছে তুলে ধরা হয়েছে আব্দুল কাইয়ুমের গণিতের ধাঁধা বইটিতে। প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে পাবেন এমন বিচিত্র অসংখ্য শিশু-কিশোরের বই। এই প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী জানালেন, প্রতিদিনই আনিসুল হকের ভূতের সঙ্গে গুড্ডুবুড়ার সেলফি, মঈনুস সুলতানের বাতিঘরে উড়ুক্কু কাঠবিড়ালি বইগুলো বেশ ভালো যাচ্ছে। রয়েছে রকিব হাসানের ভূতের দিঘি, মহাকাশের আতঙ্ক, থ্রি ব্লাইন্ড মাইস, শরীফুল ইসলাম ভূঁইয়ার নিশি আজ আসবেইসহ অনেক বই।
চন্দ্রাবতী একাডেমির বইগুলোতে ছড়া বা গল্পের সঙ্গে দারুণ সব আঁকাজোকা আছে। অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে শিশুদের জন্য শিল্পীর আঁকা ছবিসহ ইংরেজি বর্ণমালা সিরিজের একগুচ্ছ নতুন বই। শিল্পী নাজির হোসেন বাঘের ছবি এঁকে হায়াৎ মামুদের তোমার একটি দিন বইটি দারুণভাবে সাজিয়েছেন। আহমেদ রিয়াজের রাজায় রাজায় বইটিতে আছে বাঘ-সিংহের যৌথ অবস্থান। রাতুল গ্রন্থপ্রকাশে বইগুলো পাওয়া যাচ্ছে। প্রগতি পাবলিশার্সের ব্যাঙ রাজকুমার, ডাইনোসর ওয়ার্ল্ড, সাঁতারু ও মাছ বইগুলোর নকশা দেখেও বাচ্চারা মজা পাচ্ছে। ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকসের প্রজাপতি সিরিজেই বইয়ে জানা যাবে হাজার রকমের প্রজাপতির গল্প।

গতকাল ও আজকের মেলা
গতকাল মেলায় ১৪৪টি নতুন বই এসেছে। মেলায় নতুন আসা বইয়ের মধ্যে সময় প্রকাশন এনেছে আবুল মাল আবদুল মুহিতের সংকট ও সুযোগ, অন্যপ্রকাশ এনেছে আনিসুজ্জামানের বিদ্যাসাগর ও অন্যেরা, সংবেদ এনেছে অদিতি ফাল্গুনীর গ্রিক পুরাণের গল্প, বিদ্যাপ্রকাশ এনেছে ডা. ফারহানা মোবিনের আসুন সুস্থ থাকি ইত্যাদি।
বেশ কিছু নতুন বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচিত হয়েছে। সৈয়দ আবুল মকসুদ বিকেলে গৌতম বসুর নলিনী মিত্তিরের মুখ বইটির মোড়ক উন্মোচন করেন। গতকাল মেলায় এসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ বছর আকাশ প্রকাশনী থেকে তাঁর ৯টি বই এসেছে। মেলায় আকাশের স্টলে নিজের বইয়ে পাঠকদের অটোগ্রাফ দেন এরশাদ।
আজ মেলায় বাংলা একাডেমি আয়োজিত শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে সকাল ১০টায়। বিকেলে আলোচনা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।