ছোটদের শিক্ষা-সংস্কৃতি উৎসব
‘শিকড় থেকে শিখরে’—শিরোনামে সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম খুলনার উদ্যোগে স্থানীয় শহীদ হাদিস পার্কে গতকাল রোববার সকাল ১০টায় উদ্বোধন করা হয় দুই দিনব্যাপী ‘ছোটদের শিক্ষা-সংস্কৃতি উৎসব-২০১০’। শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থীদের কোলাহলমুখর উপস্থিতিতে এই উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পূর্ণেন্দু গাইন, জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম এবং সরকারি করনেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ।উৎসবের প্রাসঙ্গিক ভাবনা তুলে ধরেন আবুল মোমেন ও শীলা মোমেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবিনা ইয়াসমিন ও সালেহ মোহাম্মদ শহিদুল্লাহ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক অসিতবরণ ঘোষ। উপস্থিত ছিলেন শেখ আবদুল কাইয়ুম।বক্তারা বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা নানা ধারায় বিভক্ত। দামি সনদ পাওয়া যাচ্ছে, কিন্তু খাঁটি মানুষ দুর্লভ হয়ে পড়েছে। শিক্ষার সঙ্গে সংস্কৃতিকে সমন্বয় করতে পারলে যোগ্য মানুষ গড়ে তোলা যাবে।’অনুষ্ঠান পরিচালনা করেন মল্লিকা দাস। উত্সবে খুলনার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও আটটি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। সমাপনী অনুষ্ঠান শুরু হবে আজ সোমবার বিকেল তিনটায়।