ছোটদের ‘এসএসসি’ পরীক্ষায় বড়দের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটদের ‘এসএসসি’ পরীক্ষা হিসেবে পরিচিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নম্বর পুনর্গণনায় ফরিদপুর জেলায় প্রায় ৪০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর বেড়েছে। একজন পরীক্ষার্থীর নম্বর ৪০ পর্যন্ত বাড়ার খবর পাওয়া গেছে। ফরিদপুর শহরের আলীপুর মহল্লার অভিভাবক এ কিউ এম বখতিয়ারুল হাসান বলেন, ‘পরীক্ষা ভালো দিয়েও আমার মেয়ে ফল খারাপ করায় আমি একটি বিষয়ের খাতা পুনর্মূূল্যায়নের আবেদন করি। তাতে ৪ নম্বর বেড়েছে।’ জেলার বিভিন্ন বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জিলা স্কুলের ধ্রুব চক্রবর্ত্তী বিজ্ঞান বিষয়ে ১০০ নম্বরের মধ্যে পেয়েছিল ৫০। পুনর্গণনায় তার নম্বর বেড়ে হয়েছে ৯০। এভাবে ইসলাম ধর্মে আদীব মাহতাবের নম্বর ৭৭ থেকে বেড়ে ৮৮, বাংলায় মেহেতাব চৌধুরীর ৫৯ থেকে বেড়ে ৬৩, ইংরেজিতে তৌহিদুল ইসলামের ৯১ থেকে বেড়ে ৯৬, গণিতে প্রমীর নম্বর ৮৯ থেকে বেড়ে ৯৯, ইসলাম ধর্মে তাসনিম হাসানের ৭৭ থেকে বেড়ে ৮১ নম্বর হয়েছে। ফরিদপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. আজিজ হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘এই স্কুল থেকে ১৭ জন শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছিল। এদের নয়জনেরই ন ম্বর বেড়েছে। ১১ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে আমাকে নম্বর পুনর্মূল্যায়ন-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয়েছে।’ফরিদপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলা রানী সরকার প্রথম আলোকে জানান, তাঁদের বিদ্যালয়ের ১১ জন ছাত্রী পুনর্মূল্যায়নের আবেদন করেছিল। চারজনের নম্বর বেড়েছে। ফরিদপুরের অতিরিক্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিম জানান, জেলার ৯৫ শিক্ষার্থীর নম্বর পুনর্গণনা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে ও পিটিআইয়ের দুজন প্রশিক্ষক দিয়ে নম্বর পুনর্গণনা করা হয়েছে। প্রায় ৪০ শতাংশ খাতার নম্বর বেড়েছে। তিনি বলেন, পরীক্ষার পর খাতা দেখার জন্য খুব কম সময় দেওয়া হয়েছিল। তাড়াহুড়ো করায় এ ভুলগুলো হয়েছে। ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসরিন আক্তার জানান, ‘আমি ২০০ খাতা দেখার দায়িত্ব পেয়েছিলাম। সময় দেওয়া হয়েছিল মাত্র সাত দিন। এই সময় পর্যাপ্ত নয়।’ ফরিদপুর সদরে সমাজ বিষয়ের প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন ডোমরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অঞ্জলি রানী দাস। তিনি জানান, ‘তিনি ও অপর চারজন নিরীক্ষক ছয় হাজার ৩৭১টি খাতা নিরীক্ষণ করেছেন। তিনি খাতা দেখেছেন ৩১৯টি। অন্য চারজন দেখেছেন এক হাজার ৫১৩টি করে। আমাদের সময় দেওয়া হয়েছিল মাত্র তিন দিন।’ শিক্ষকদের খাতা দেখার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে উল্লেখ করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তম বলেন, ‘ভুলগুলো না হলে ভালো হতো। প্রথম বছর হওয়ায় পরীক্ষায় এ সমস্যা হয়েছে। আগামীতে এ বিষয়ে আমরা আরও সতর্ক থাকব।’ ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘অনেক পরীক্ষকই সঠিকভাবে খাতা দেখেননি। পাতা গুনে ও গড়ে নম্বর দেওয়া হয়েছে। দুই পাতা পড়েছেন তো তিন পাতা পড়েননি—এ ধরনের নানা অসংগতি পাওয়া গেছে।’গত ২১, ২২ ও ২৪ নভেম্বর দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় ২২ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র হাতে পায়। শেষ সময় ৬ জানুয়ারি পর্যন্ত ফরিদপুরে ৯৫ জন পরীক্ষার্থী আবেদন করে। পুনর্মূল্যায়নের পর ১০ জানুয়ারি ফল প্রকাশ করা হয়।