ছোটমণি নিবাসের ছোটমণিদের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্যাগের মহিমা বুঝুক আর না বুঝুক, শিশুদের কাছে ঈদুল আজহার সবচেয়ে বড় আকর্ষণ কোরবানির পশু। ব্যতিক্রম নয় চট্টগ্রামের ছোটমণি নিবাসের (বেবি হোম) বাসিন্দা ৪৮ জন শিশুও। নতুন পোশাকের চেয়ে কোরবানির জন্য কেনা সাদা রঙের গরুটিই ছিল তাদের আনন্দের কেন্দ্রবিন্দু।
এই নিবাসের শিশুরা সামাজিকভাবে পরিচয়হীন। বাবা-মায়ের পরিচয় জানা নেই কারোরই। এক দিনের শিশু থেকে শুরু করে সাত বছর পর্যন্ত বয়সের শিশুরা ঠাঁই পেয়েছে এখানে।
সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ছোটমণি নিবাসে কর্মকর্তারাই এদের বাবা-মায়ের স্নেহে বড় করেন।
ছোটমণি নিবাসের কর্মকর্তারা জানান, কোরবানির পশু কেনার জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ থাকে না।
তবে সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক অনুদানে শিশু পরিবার, ছোটমণি নিবাস ও মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের জন্য পশু কেনা হয়। এ বছর ৫০ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
সাড়ে তিন বছর বয়সী জুঁই ও নিশিতা এখানে আসে যখন তাদের বয়স চার দিন।
জন্মের পরে তাদের পরিবার দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে রেখে পালিয়ে যায়। এর পর থেকেই তাদের ঠাঁই এই নিবাসে।
জুঁই ও নিশিতা ভাঙা ভাঙা উচ্চারণে জানায়, ঈদের দিন সকালে উঠে গোসল সেরে নতুন জামা পরেছে তারা। এরপর ‘আন্টিরা’ সুন্দর করে সাজিয়ে, হাতে মেহেদি লাগিয়ে দিয়েছে।
মেয়েশিশুদের জন্য এবার ঈদে ছিল লাল রঙের প্রিন্টের ফ্রক আর ছেলেদের ছিল নীল-সাদা চেক শার্ট।
ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক হাসান মাসুদ প্রথম আলোকে জানান, শিশুপ্রতি সরকারি বরাদ্দ মাসে দুই হাজার টাকা। এ টাকার মধ্যেই যতটা সম্ভব মানসম্মতভাবে তাদের রাখা হচ্ছে।
ছোটমণি নিবাস সূত্রে জানা যায়, এখানকার আসনসংখ্যা ১০০। প্রতিষ্ঠানে ১৭টি পদ রয়েছে। এর মধ্যে ১০টি পদ বর্তমানে শূন্য।
মাত্র সাতজন এখানকার শিশুদের দেখভালের দায়িত্বে আছেন। তার পরও তাঁরা চেষ্টা করছেন নিজ সন্তানের স্নেহে এদের বড় করতে।