
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোর উন্নয়ন ও প্রশিক্ষিত শিক্ষক পদায়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছাড়াই মাধ্যমিকের ক্লাস চালু করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যায় পড়তে হচ্ছে।
জাতীয় শিক্ষানীতি ২০০০-এর আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার লক্ষ্যে ২০১৩ সালে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়। এ বছর বিদ্যালয়টিতে অষ্টম শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রাথমিকের প্রতিটি শ্রেণির জন্য একটি করে কক্ষ রয়েছে। তবে চতুর্থ শ্রেণির একটি কক্ষকে দুই ভাগ করে চতুর্থ (ক) ও চতুর্থ (খ) শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। আর অষ্টম ও প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের একই কক্ষে পাঠদান করা হচ্ছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বেঞ্চে এবং প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের মেঝেতে গালিচায় (কার্পেট) বসিয়ে পড়ানো হচ্ছে। অষ্টম শ্রেণির ছাত্রী ছন্দা খাতুন বলে, একই কক্ষে দুই শ্রেণির শিক্ষার্থীদের পড়ালে পড়া বুঝতে সমস্যা হয়। মনোযোগ ব্যাহত হয়। সহকারী শিক্ষক বখতিয়ার হামিদ বলেন, এভাবে পাঠদান করলে প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রাথমিকে ৪০৩ জন এবং মাধ্যমিকে ৬৮ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অনেকে জানায়, পঞ্চম শ্রেণির পাঠদানের জন্য বরাদ্দ শিক্ষক দিয়েই ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়ানো হচ্ছে। সেখানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে বিএড পাস দুজন শিক্ষককে মাধ্যমিক শ্রেণিতে পাঠদানের জন্য গত বছর প্রেষণে আনা হয়েছে। তাঁদের একজন আমেনা সিদ্দিকা। আমেনা বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিনটি শ্রেণির ৩৯টি বিষয়ে পাঠদান করতে হচ্ছে।
প্রেষণে আসা অন্য শিক্ষক রোজিনা সুলতানা বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন। তবে সৃজনশীল প্রশ্নপদ্ধতির আলোকে পড়ানোর জন্য বিদ্যালয়ের কোনো শিক্ষকেরই প্রশিক্ষণ নেই। এতে জেএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তাই ষষ্ঠ শ্রেণি থেকে পড়ানোর জন্য বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ৪৭ জন ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। তাদের মধ্যে বর্তমানে মাত্র ১১ জন অষ্টম শ্রেণিতে পড়ছে। এ ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না। তাই অনেক শিক্ষার্থী এখানে থাকছে না। এক শিক্ষার্থীর অভিভাবক লুৎফর রহমান জানান, তাঁর মেয়ে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া জুলি খাতুনকে পাশের গ্রামের স্কুলে ভর্তি করাবেন তিনি।
প্রধান শিক্ষক আসমাউল হুসনা বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠদানের জন্য মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে বই ছাড়া আর কিছুই দেওয়া হয় না। অথচ শিক্ষার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামোর পাশাপাশি দরকার প্রশিক্ষিত শিক্ষক ও পাঠ-নির্দেশিকা। প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকেও এ ব্যাপারে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে এ পর্যন্ত বিএড পাস দুজন শিক্ষককে প্রেষণে আনা হয়েছে। অবকাঠামো সমস্যার সমাধানের চেষ্টা চলছে।