ছোটরাও দিল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের দায়িত্বে শিক্ষার্থীরা। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্টের দায়িত্বেও তারা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা। নির্বাচনকে ঘিরে সারি সারি ছবিবিহীন পোস্টারও টানানো হয় রশিতে। সম্মিলিতভাবে প্ল্যাকার্ড হাতে নিয়ে ভোট চায় শিক্ষার্থীরা। চৈত্রের খরতাপে ভ্যাপসা আবহাওয়ার মধ্যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোটও দেয় শিক্ষার্থীরা।
গতকাল শনিবার কুমিল্লা নগর ও এর আশপাশের ৭৬টি উচ্চবিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোট গ্রহণ চলে। বেলা ১১টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ সারি। সেখানে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় ফরিদা বিদ্যায়তনে গিয়ে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে।
ফরিদা বিদ্যায়তনের দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদা আক্তার জানায়, কোনো হাঙ্গামা ছাড়াই নির্বাচন হচ্ছে। বিষয়টি তারা খুব উপভোগ করছে।
কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, গত ৩০ মার্চ সারা দেশে একযোগে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থাকায় কুমিল্লা মহানগর ও এর আশপাশের ৭৬টি বিদ্যালয়ে নির্বাচন হয়নি। গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। এতে ২২ হাজার ২৩৩ জন ছাত্র, ২৯ হাজার ৩০৭ জন ছাত্রীসহ মোট ৫১ হাজার ৫৪০ জন শিক্ষার্থী ভোট দেয়। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ জাগ্রত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ নির্বাচন হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক হারান চন্দ্র দেবনাথ বলেন, নির্বাচিত প্রতিনিধিরা আটটি বিষয়ে দায়িত্ব পালন করবে। এগুলো হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখনসামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, বিভিন্ন দিবস উদ্যাপন ও আপ্যায়ন এবং আইসিটি সেবা নিশ্চিতকরণ।