ছোট্ট অবহেলা বড় ক্ষতি
বাড়ির ওপর হেলে ছিল শতবর্ষী রেইনট্রি গাছটি। যেকোনো সময় ঘরের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এমন আশঙ্কা থেকে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের আবেদন জানিয়েছিলেন মোফাজ্জল হোসেন। কিন্তু কাজ হয়নি। তাঁর আশঙ্কা সত্যি হয়ে গত বুধবার রাতে গাছটি ভেঙে পড়ল বাড়ির ছাদের ওপর। গাছের নিচে চাপা পড়ে মারা গেলেন মোফাজ্জলের স্ত্রী সাবিনা বেগম (২৮)। মোফাজ্জল নিজেও এতে আহত হন।ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের। ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই তাঁর বাড়ি।জানা যায়, বছর দশেক আগে মোফাজ্জল-সাবিনার বিয়ে হয়। ঘরে তাঁদের তিন মেয়ে। বড় মেয়ে সাদিয়া আক্তারের বয়স আট। এরপর যমজ দুই মেয়ে শ্রাবণী ও লাবণী। তাদের বয়স ছয়। মোফাজ্জল অভিযোগ করে বলেন, ‘প্রশাসনের অবহেলার কারণে আমার মেয়ে তিনটি মা-হারা হলো।’মোফাজ্জেল জানান, তাঁর ঘরের পাশে মহাসড়কের ধারে ছিল গাছটি। দীর্ঘদিন ধরে এটি তাঁর বাড়ির ওপর হেলে ছিল। যেকোনো সময় এটি ঘরের ওপর পড়তে পারে—এমন আশঙ্কায় তিনি এটি অপসারণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। ২০১১ সালের ২৩ আগস্ট কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে একটি লিখিত আবেদন দেন তিনি। এর পরও গাছটি কাটা হয়নি।মোফাজ্জেল জানান, বুধবার রাত নয়টার দিকে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। বৃষ্টি নামতে পারে ভেবে তিনি ও তাঁর স্ত্রী বাড়ির ছাদে থাকা লাকড়ি আনতে যান। হঠাৎ গাছটি ভেঙে পড়ে। এতে তাঁর স্ত্রী মাথায় আঘাত পেয়ে নিচে ছিটকে পড়েন। মোফাজ্জেলও আঘাত পেয়ে ছাদের ওপর শুয়ে পড়েন। পরে প্রতিবেশীরা সাবিনাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে ঠিক পদক্ষেপ নিলে এই দুর্ঘটনা ঘটত না।কালীগঞ্জের ইউএনও আনজুমান আরা জানান, মোফাজ্জেল হোসেনের আবেদনসহ বেশকিছু আবেদন পেয়েছিলেন তাঁরা। রাস্তার ধারে পুরোনো অনেকগুলো গাছের ডাল ছিল ঝুঁকিপূর্ণ। তিনি জানান, গাছগুলো জেলা পরিষদের। বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়। এরপর জেলা সমন্বয় সভায়ও বিষয়টি উঠে আসে। সেখানে একটি কমিটি করে কিছু গাছের ডাল ছাটা হয়। কিন্তু এ গাছটি কেন কাটা হয়নি, তা বোধগম্য নয়।