ছোট্ট আঁখির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জটিল অস্ত্রোপচারের পর মায়ের কোলে আঁখি l ছবি: প্রথম আলো
জটিল অস্ত্রোপচারের পর মায়ের কোলে আঁখি l ছবি: প্রথম আলো

মায়ের সঙ্গে গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে এসেছে ছোট্ট আঁখি। এক মাস পাঁচ দিন বয়সী এ শিশুকে ঘিরে চিকিৎসকদের সে কী উত্তেজনা! আট দিন বয়সে জটিল এক অস্ত্রোপচারের ঝক্কি সামলেছে সে। শ্বাসনালির সঙ্গে খাদ্যনালি জড়িয়ে ছিল জন্মের সময়। শিশু সার্জারি বিভাগে এ ত্রুটি নিয়ে আগে যত অস্ত্রোপচার হয়েছে, তার কোনোটিই সফল হয়নি। আঁখিই প্রথম অস্ত্রোপচারের ধাক্কা সামলে মা-বাবাকে আনন্দ দিয়েছে। চিকিৎসকেরা তাই রোমাঞ্চিত।
আঁখির জন্ম ৭ ডিসেম্বর কিশোরগঞ্জের ঈশা খাঁ ক্লিনিকে। আইরিন বেগম-খাবিরুল ইসলামের প্রথম সন্তান সে। জন্মের পরপরই ওর মুখ থেকে অনবরত ফেনা বেরোতে থাকে। মায়ের বুকের এক ফোঁটা দুধও পেটে যায়নি। ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে প্রথমে ওকে নেওয়া হয় কিশোরগঞ্জ আড়াই শ শয্যার হাসপাতালে। সেখানেও চিকিৎসকেরা কোনো আশা দিতে পারলেন না। বাবা-মায়ের মনে উৎকণ্ঠা, ও বাঁচবে তো! চিকিৎসকেরা ওকে ময়মনসিংহে নিতে বললেন। মাকে ছাড়াই এক দিনের এই বাচ্চা নিয়ে বাবা ছুটলেন বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। ওর নাকে তখন নল। গায়ে স্যালাইন। সেখানেই এক্স-রে তে ধরা পড়ে ত্রুটিটি। ওর খাদ্যনালির একটি অংশে প্রতিবন্ধকতা আছে। আর একটি অংশ জুড়ে আছে শ্বাসনালির সঙ্গে। দ্রুত অস্ত্রোপচার করা না গেলে বাঁচার কোনো সম্ভাবনা নেই। খাবিরুল ইসলাম তিন দিনের শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এলেন।
পরের অংশটুকু শোনা গেল ওর তত্ত্বাবধানকারী প্রধান চিকিৎসক শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলামের কাছে। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রায় ১০ বছর ধরে আমরা এই চেষ্টাটা করছি। একটা বাচ্চাও বাঁচাতে পারিনি। সবশেষ পাঁচ মাস আগে একটি শিশুর অস্ত্রোপচার হয়। ১৬ দিনের মাথায় ও মারা যায়। ঝুঁকি থাকলেও আমরা চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম।’
১৫ ডিসেম্বর আঁখিকে পুরো অজ্ঞান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দল ছুরি-কাঁচি চালান। সঙ্গে শিশু সার্জারির মো. মঈনুল হক, থোরাসিক সার্জন মো. কামরুল আলম, হৃদ্রোগ বিশেষজ্ঞ খন্দকার মো. নূরুস সাবাহ, অবেদনবিদ এস এম শফিকুল আলমসহ আরও বেশ কয়েকজন। চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে খাদ্যনালির প্রতিবন্ধকতাটা সরানো হয়। আর খাদ্যনালির সঙ্গে শ্বাসনালির সংযোগটি বন্ধ করে দেওয়া হয়।
এক গাল হেসে সাহনূর ইসলাম বললেন, ‘অস্ত্রোপচারের পরই ও চোখ মেলে তাকায়। যেকোনো অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে আসার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।’ অস্ত্রোপচারের পরও ঝুঁকি ছিল। ওর মুখে খাবার দেওয়া হয় অস্ত্রোপচারের ছয় দিন পর। ১৭ দিন হাসপাতালে আঁখি ছিল, শিশু সার্জারির সঙ্গে হাসপাতালের নবজাতক ইউনিট কাজ করেছে।
গতকাল আইরিনের মুখ থেকে হাসি সরছিল না। তিনি বলছিলেন, ‘আমারে বাড়িতে থুইয়া ওর বাবা মেয়ে লইয়া ঘুরছে। আমি যে কত দোয়া পড়ছি। জন্মের ১৫ দিন পর আমি আইছি ঢাকায়। দুই ঘণ্টা পরপর ৩ মিনিট কইরা প্রথম দুধ খাইতে পারছে। এখন সময় নিয়া খায়। বড় হইছে। দেখেন না কেমন চারদিকে তাকায়।’