ছোট্ট ঐশিকাকে এখন কে ঘুম পাড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক মাস আগে ছোট ভাই বিপ্লব ঘোষের গায়েহলুদ অনুষ্ঠানে প্রবীর ঘোষ ও তাঁর দুই মেয়ে। ছবি: সংগৃহীত
কয়েক মাস আগে ছোট ভাই বিপ্লব ঘোষের গায়েহলুদ অনুষ্ঠানে প্রবীর ঘোষ ও তাঁর দুই মেয়ে। ছবি: সংগৃহীত

ছয় বছরের ঐশিকা ঘোষ। নিয়মিত তাকে ঘুম পাড়াতেন বাবা। তবে ২৩ দিন ধরে বাবা আর ঐশিকাকে ঘুম পাড়ান না। ঐশিকা কান্নাকাটি করতে করতে ক্লান্তি হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেও বাবাকে খোঁজে। কিন্তু সে জানে না তার বাবা আর কোনো দিনই তাকে ঘুম পাড়াতে আসবে না।
কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জের নিহত সোনা ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের স্ত্রী রূপা ঘোষ। প্রবীর চন্দ্রের দুই মেয়ে। অথৈ ঘোষ দিয়া (১২) ও ঐশিকা ঘোষ। অথৈ নগরের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
গত সোমবার রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে প্রবীর চন্দ্রের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রবীর চন্দ্র হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরের কালীর বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কালো পতাকা উত্তোলন করেন। বেলা তিনটার দিকে প্রবীর চন্দ্রের লাশ নিয়ে শ্মশানে যাওয়ার আগে খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন সোনা ব্যবসায়ীরা।
গতকাল দুপুরে নগরের বঙ্গবন্ধু সড়কে প্রবীর চন্দ্র ঘোষের ভাড়া বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো পরিবারে মাতম চলছে। প্রবীরের স্ত্রী রূপা ঘোষ ও মেয়ে অথৈ ঘোষ বিলাপ করছিলেন। কান্না করতে করতে রূপা ঘোষ বলেন, ‘আমার মেয়ে দুটি বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কীভাবে আমি ওদের সান্ত্বনা দেব? আমার তো আর কিছু রইল না।’ তিনি বলেন, ‘ছোট মেয়ে বাবার ছবি ধরে কান্নাকাটি করছে। তাকে মামাবাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওর বাবাকে আমি কোত্থেকে এনে দেব।’ এরপরই মূর্ছা যান রূপা ঘোষ।
অথৈ ঘোষ বলে, ‘আমার বাবার কী দোষ ছিল? তাঁকে কেন নৃশংসভাবে হত্যা করা হলো? শেষবারের মতো বাবার চেহারাটাও দেখতে পারলাম না। আমাকে কে স্কুলে নিয়ে যাবে? যারা আমার বাবাকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।’
প্রবীর চন্দ্র ঘোষের বাবা ভোলানাথ চন্দ্র ঘোষ বলেন, ‘আমার ছেলেই সংসার চালাত। কিন্তু আমার ছেলেকে টুকরো টুকরো হত্যা করা হয়েছে। ছেলেকে এভাবে কেউ হত্যা করবে ভাবতেই পারিনি। আমরা চাই, আমার ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। আমার ছেলের মতো যাতে আর কারও বেলায় এমন না ঘটে।’
প্রবীর চন্দ্র ঘোষ নিখোঁজ হওয়ার ঘটনায় সোমবার পুলিশ কালীর বাজারের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ ও তাঁর দোকানের কারিগর বাপেন ভৌমিককে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাত সাড়ে ১১টায় নগরের আমলাপাড়ার পিন্টু দেবনাথের ভাড়া বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় পাঁচ টুকরা লাশ উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার মঈনুল হক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গ্রেপ্তার পিন্টু দেবনাথ ও বাপেন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেনের বিরোধের সূত্র ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যার ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরে পুলিশ সুপার জানান, গতকাল রাত পৌনে ১০টার দিকে নগরের আমলাপাড়া এলাকার একটি নর্দমা থেকে একটি প্লাস্টিকের ব্যাগে থাকা দুটি পা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ১৮ জুন নারায়ণগঞ্জের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন প্রবীর চন্দ্র ঘোষ।