ছোট্ট বুকটায় বড় কষ্ট
স্বস্তি পাচ্ছে না ছয় মাসের আবির। হাপরের মতো ওঠা-নামা করছে বুক। কাঁদছে অনবরত। কান্নার শব্দও অস্বাভাবিক। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আবিরের মতো অস্বস্তি নিয়ে প্রতিদিন শিশুরা কাঁদে। সুযোগ নেই বলে চিকিৎসা পায় না। কেঁদে কেঁদেই অনেকের কণ্ঠ থেমে যায়।
স্বাভাবিকভাবে ফুসফুস থেকে রক্তনালি বিশুদ্ধ রক্ত নিয়ে হৃদ্যন্ত্রের বাঁ দিক থেকে শরীরে আসে। আবিরের রক্তনালি থেকে রক্ত ডান দিকের দূষিত রক্তের সঙ্গে মিশছে। তার জলদি অস্ত্রোপচার দরকার। যেকোনো সময় ফুসফুস অকেজো হয়ে যেতে পারে। খালি হয়ে যেতে পারে তার মায়ের বুকটা।
আবিরের বাবা নাজমুল হোসেন রিকশা চালান। আবিরের চিকিৎসার জন্য প্রয়োজন ৮০ হাজার টাকা। চিকিৎসকদের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হবে ৪০ হাজার টাকা। নাজমুল জোগাড় করেছেন বাকিটা। কিন্তু শল্যচিকিৎসক অস্ত্রোপচার করতে চাচ্ছেন না। মা নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি বারবার ডাক্তাররে কইছি, কপালে যা আছে তাই হইব। আপনি অপারেশন করেন। উনি বলেন, আমাকে কি আজরাইল মনে হয়? জান নেব আমি?’
হৃদ্রোগের এই শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে তিন বছরের কম বয়সীদের অস্ত্রোপচার হয় না। চিকিৎসকেরা জানান, নবজাতকদের অস্ত্রোপচার দরকার হলে তাদের ফিরিয়ে দিতে হয়। অবস্থাপন্নরা বিদেশে যান। দরিদ্র ব্যক্তিদের সন্তানেরা ধুঁকে ধুঁকে মারা যায়। অস্ত্রোপচারের পর তিন বছরের কম বয়সের শিশুদের যেমন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়, এই হাসপাতালে তা নেই। এ ছাড়া তিন বছরের বড় শিশুদের অস্ত্রোপচারের জন্য যে খরচ দরকার, তা অনেকেই জোগাতে পারে না। হৃদরোগ ইনস্টিটিউটের ৩ নম্বর ওয়ার্ডে আবিরের উল্টো দিকের বিছানায় আছে নয় বছরের মারিয়া ও সাত বছরের জিহাদ। জিহাদের অস্ত্রোপচার করার মতো অবস্থা নেই। নীলচে রঙের হাত-পা নিয়ে শুয়ে আছে বিছানায়।
শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ সোমায়রা নাসরিন বললেন, ‘ধরুন আপনার বুকের বাঁ দিক থেকে পাঁচ লিটার রক্ত চলাচলের কথা, ডান দিকে পাঁচ লিটার। মারিয়ার বুকের একপাশ থেকেই ১০ লিটার রক্ত চলাচল করছে। ফুসফুস চাপ নিতে পারছে না।’
বাংলাদেশে হৃদ্রোগ নিয়ে জন্মানো শিশুর সংখ্যা তিন থেকে চার লাখ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ৫০০ শয্যার মধ্যে শিশুদের শয্যা ২০টি। ৩ নম্বর ওয়ার্ডে নারী রোগীদের সঙ্গেই ওদের থাকার ব্যবস্থা। রোগী এত বেশি যে শৌচাগারের সামনেও মেঝেতে বিছানা ফেলতে হয়েছে। যন্ত্রপাতি আর টাকাপয়সাই নয়, চিকিৎসক সংকটও আছে। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবদুস সালাম বলেন, দেশে শিশুদের হৃদ্রোগের বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বড়জোর ৪০ জন। অনন্ত ২০০ চিকিৎসক দরকার। অস্ত্রোপচারের জন্য কোনো শিশু এলে ছয় মাসের আগে সময় দেওয়া মুশকিল। কথা বলে জানা গেছে, শিশু হৃদ্রোগ বিষয়টি নীতিনির্ধারকদের কাছে সবচেয়ে অবহেলিত। এমনকি শিশু হৃদ্রোগ যে একটি বিশেষ বিষয়, তা মানতেও নারাজ তাঁরা।
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক এস টি এম আবু আজম বলেন, ‘এই কটা বিছানায় হয় না। হৃদ্রোগে আক্রান্ত বাচ্চারা নিউমোনিয়ায় ভোগে। ওদের মেঝেতে রাখা একদমই ঠিক না। সবার মাথার কাছে অক্সিজেনও নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়। আমরা ওদের জন্য আলাদা ওয়ার্ড করার চেষ্টা করছি।’