ছোট্ট বোনের সামনে ছুরিকাঘাতে হত্যা

তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট বোনকে (৯) নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সুহান ইসলাম (১৮)। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে। পরে ছোট বোনের সামনেই এলোপাতাড়ি ছুরিকাঘাতে তাঁকে হত্যা করে তারা।
সিলেট নগরের কুয়ারপাড় গলির মুখে গতকাল রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতে সালাউদ্দিন (৩০) ও দৌলতি বেগম (৩২) নামে দুজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়।
সুহান মদনমোহন কলেজে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুয়ারপাড় এলাকার খুলিয়াপাড়ার বাসিন্দা। সিলেট সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য শাহানা বেগমের ছেলে। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
পুলিশ জানায়, জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুহান তাঁর ছোট বোনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। কুয়ারপাড় সড়কে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই সুহানের মৃত্যু হয়। সুহানের বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
সুহানের চাচাতো ভাই এমরান আহমদ বলেন, হামলার ঘটনা দেখে সুহানের ছোট বোন দৌড়ে লামাবাজার পুলিশ ফাঁড়িতে গিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সুহানকে উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার দুপুরে মহল্লায় মোটরসাইকেল চালানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে সুহানের বিবাদ হয়। এর জের ধরে ওই দিন বিকেলেই বাড়ির সামনে সুহানের ওপর হামলা চালানো হয়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে সুহানের বাবা তাজুল ইসলামসহ তিনজন আহত হন। ঘটনাটি লামাবাজার ফাঁড়ি পুলিশকে জানানো হয়েছিল।
সুহানের বাবার দাবি, ওই ঘটনার জের ধরেই সুহানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।