ছোট্ট ভূখণ্ড, বড় আবাদ

নৌকা ভিড়ল পদ্মার চরে, একটি সীমান্ত পিলারের কাছে। ডান পাশে ধু ধু মাঠ। বাঁ পাশে সবুজ বেগুনখেত। এ ভূখণ্ড রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরের। এর তিন দিকে ভারত, একদিকে বয়ে চলেছে পদ্মা। ছোট্ট এ ভূখণ্ডে বেগুন আবাদ করা হয়েছে। খেত, বাড়ির আঙিনায় গাছে গাছে ঝুলে আছে কাঁটা বেগুন।
এখানে বছর দশেক আগেও তিনটি গ্রাম ছিল। গ্রাম তিনটি হলো খানপুর, তারানগর ও চরখিদিরপুর। জমির পরিমাণ ছিল ৪ হাজার ৯৪২ হেক্টর। ভোটার ছিলেন তিন হাজারেরও বেশি। দুটি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন ছিল। ছিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ক্যাম্প। এখন খানপুরের নামে একটি বিজিবি ক্যাম্প ও তারানগর নামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে খিদিরপুরে। কিন্তু বাস্তবে গ্রাম দুটির অস্তিত্ব নেই, চলে গেছে নদীগর্ভে। পদ্মার এই চরে যেটুকু মাটি অবশিষ্ট আছে তা খিদিরপুরের, লোকসংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে ২০০ থেকে ২৫০ জন কৃষক। এ তথ্য জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মফিদুল হক। খিদিরপুরে গত বছরের আগস্টে জমির পরিমাণ ছিল ১৮৭ হেক্টর। সর্বশেষ বর্ষা মৌসুমে ভাঙনে জমি আরও কমেছে।
সম্প্রতি রাজশাহী শহর থেকে প্রায় পৌনে এক ঘণ্টা চলার পর যেখানে নৌকা ভিড়ল সেটি খিদিরপুরের অবশিষ্টাংশ। বেগুনখেতে কাজ করছিলেন বাদেশ আলী নামের এক চাষি। তিনি বলেন, এই চরে ১৫ বছর আগে তিনিই প্রথম কাঁটা বেগুন চাষ শুরু করেন। এখন যাঁর আবাদি জমি নেই, তিনিও বাড়ির কানাচে হলেও এ বেগুনের চাষ করছেন। বাদেশ বলেন, তাঁর সাড়ে আট বিঘা জমি ছিল। সবটাতেই বেগুন ফলাতেন। লাখ লাখ টাকার বেগুন বিক্রি করেছেন। এখন মাত্র আড়াই বিঘা জমি আছে। বাদেশের হিসাবমতে, বেগুন ফলিয়ে এক বিঘা জমিতে তাঁর ৫০ হাজার টাকার বেশি লাভ হয়। এখনো মৌসুম পুরোপুরি শুরু হয়নি। জমি থেকে প্রতি মণ বেগুন ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে প্রতি সপ্তাহে এক বিঘায় ৮ থেকে ১০ মণ করে বেগুন তোলা যায়। এখন দুই থেকে তিন মণ করে উঠছে। তিনি বলেন, একটি বেগুনের ওজন প্রায় এক কেজি হয়।
গ্রাম ঘুরে দেখা গেল শুধু মাঠে নয়, বাড়ির আঙিনাতেও চাষ করা হয়েছে এই কাঁটা বেগুন। চরের উর্বর মাটিতে নজরকাড়া বেগুনগাছ হয়েছে। মেরাজ উদ্দিনের স্ত্রী সাথি বেগম গল্প করতে করতে নিয়ে গেলেন তাঁর বাড়ি। তিনি বাড়ির আঙিনায় ছয় কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। তিন সপ্তাহ ধরে বেগুন উঠতে শুরু করেছে। বেগুনখেতে ছিলেন মেরাজ উদ্দিন। বললেন, বেগুন চাষ করতে পারলে আর অন্য কোনো চিন্তা করতে হয় না। বাংলাদেশ সীমান্তের শেষ খেতটি নাছার উদ্দিনের। সেই জমিতেও তিনি বেগুন চাষ করেছেন।
সাবেক ইউপি সদস্য আবু আলম বলেন, ভাঙনে গ্রাম ছোট হওয়ায় বসতি ঘন হয়েছে। আবাদের জমি কমে গেছে। তারপরও এবার বেগুনের দাম ভালো। ভাঙনে নিঃস্ব মানুষকে এবার বাঁচাবে বেগুন।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ওই চরে স্থানীয়ভাবে সংগৃহীত কাঁটা বেগুন চাষ করা হচ্ছে। পোকামাকড়ের উপদ্রব হলে তাঁরা কৃষকদের পরামর্শ দেন।