ছোট্ট রুমার আশা পূরণ হবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝেমধ্যে এভাবে চেয়ারে বসিয়ে রাখা হয় রুমাকে l প্রথম আলো
মাঝেমধ্যে এভাবে চেয়ারে বসিয়ে রাখা হয় রুমাকে l প্রথম আলো

রুমার বয়স আট বছর। জন্ম থেকেই সে বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। হাঁটতে-চলতে পারে না। দিন কাটে বিছানায় শুয়ে-শুয়ে। মাঝে মাঝে তাকে চেয়ারে বসিয়ে ধরে রাখেন বাবা-মা। তার বয়সী সবাই যখন হইচই করে, ঘোরে ফেরে, তখন সে তাকিয়ে দেখে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের রূপনাই দক্ষিণ পাড়া গ্রামে রুমাদের বাস। বাবা রজব আলী পেশায় তাঁতশ্রমিক। দুই ছেলেমেয়ের মধ্যে রুমা বড়। ছোট ছেলে আমিনুলের বয়স চার বছর। মা নুরুন্নাহার বেগমকে সারা দিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। বাবার সামান্য আয়ে সংসার চলে।
নুরুন্নাহার বেগম বলেন, জন্মের পর থেকেই মেয়ের হাত ও পায়ে শক্তি নেই। ওর সব কাজ ওর বাবা ও আমাকে করতে হয়। কিন্তু এখন আর শরীরে কুলায় না। যদি একটা হুইলচেয়ার পেতাম, তাতে চড়িয়ে ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াতাম।
রজব আলী বলেন, মেয়ের জন্য সরকারি সাহায্য পাই না। ওর চিকিৎসা করাতে গিয়ে চার লাখ টাকা ধার হয়েছে। টাকার অভাবে একটা হুইলচেয়ার কিনে দিতে পারিনি। ও যদি একটা হুইলচেয়ার পেত, তাহলে বাইরের সবকিছু ঘুরে দেখতে পারত। ওর এ আশা পূরণ হবে কি?
গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, ‘বিষয়টি জানতাম না। রুমাকে একটি প্রতিবন্ধী কার্ড এবং ওর জন্য একটি হুইলচেয়ার কিনে দেওয়ার ব্যবস্থা করব।’