সাড়ে পাঁচ বছরের ছোট্ট লামিয়া আক্তারের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু নেফ্রোলজি বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের অধীনে চিকিৎসা চলছে তার। মোয়াজ্জেম হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে জানান, লামিয়াকে বাঁচাতে হলে দ্রুত তার দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে। এতে এক লাখ টাকার বেশি খরচ হবে। কিন্তু এর আগে ডায়ালাইসিস করতে হবে। এ ছাড়া প্রতিস্থাপনের আগপর্যন্ত নিয়মিত ওষুধ সেবন করতে হবে। এতে প্রতি মাসে খরচ হবে ১৫ থেকে ২০ হাজার টাকা। প্রতিস্থাপন করার পরও ওষুধ সেবন অব্যাহত রাখতে হবে।লামিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ইতিমধ্যে চারবার ডায়ালাইসিস করা হয়েছে। লামিয়ার চিকিৎসার খরচ জুগিয়ে তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। লামিয়ার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঝাপুটিয়া গ্রামে। চার মাস ধরে রাজধানীর লালবাগের ইসলামবাগে থাকছেন তার পরিবারের সদস্যরা। লামিয়ার বাবা মো. কুদ্দুস মিয়া লালবাগ এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করেন। এ উপার্জন দিয়ে কোনো রকমে সংসার চলে। তাঁর পক্ষে লামিয়ার চিকিৎসার এই অর্থ জোগাড় করা সম্ভব নয়। তাই সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফারুক হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০২৫৩০৪০০৭২২৭৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, রমনা করপোরেট শাখা, ঢাকা।