
ছয় বছরের রোহিঙ্গা শিশু রহমত উল্লাহর কোমরের বাঁ পাশে গুলি ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। রহমতের মতো শরীরে গুলি নিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করছে আরও পাঁচ শিশু-কিশোর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। মোট ১০ রোহিঙ্গা শিশু-কিশোর হাসপাতালে ভর্তি রয়েছে।
রহমতের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংগদু এলাকায়। তার বাবা হাফিজ উল্লাহ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ২৬ আগস্ট তাদের ঘরে মিলিটারি (মিয়ানমারের সেনাবাহিনী) ঢুকলে ভয়ে তিনি পালিয়ে যান। স্ত্রী ও ছয় ছেলেমেয়ে তখন ঘরেই ছিল। মিলিটারিরা রহমতকে গুলি করে চলে যায়। পরে ছেলেমেয়ে এবং বাবা-মাসহ পালিয়ে তিনি নাইক্ষ্যংছড়ি চলে আসেন। তাঁর স্ত্রী মংগদুতেই রয়েছেন।
হাফিজ উল্লাহ বলেন, নাইক্ষ্যংছড়ি ঢোকার আগে সীমান্তের একটি এলাকায় মিলিটারির গুলিতে মারা যান তাঁর মা রহিমা খাতুন। মায়ের লাশ সেখানেই মাটিচাপা দিয়ে কোনো রকমে ৩০ আগস্ট সীমান্ত অতিক্রম করেন। নাইক্ষ্যংছড়ি থেকে তাঁরা প্রথমে যান কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরে। সেখানে অন্যদের রেখে রহমতকে নিয়ে ১ সেপ্টেম্বর চট্টগ্রামে আসেন।
চিকিৎসকেরা বলছেন, রহমত এখন শঙ্কামুক্ত। তবে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন তার।
২৬ আগস্ট থেকে গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ রোহিঙ্গা। এর মধ্যে ৪ জন নারী। ৮৫ জনের মধ্যে ২ জন মারা গেছে। ভর্তি হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৭০ জনই গুলিবিদ্ধ। এখন পর্যন্ত ১০ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বুকে গুলি নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছে রোহিঙ্গা শিশু আজিজা (১১)। তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীর বাড়িও মংগদুতে। বাড়ির পাশের মাঠে খেলার সময় গুলিবিদ্ধ হয় সে। তার ভাই সাকের তাকে নিয়ে সীমান্ত পাড়ি দেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো মিয়ানমারে রয়েছেন। তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানেন না সাকের।
অর্থোপেডিক বিভাগে আজিজার পাশের শয্যায় কাতরাচ্ছেন সদ্য তারুণ্যে পা রাখা তাহের হোসেন (১৯)। তাঁর ডান হাতে গুলি লেগেছিল। আহত অবস্থায় মিয়ানমারের পাহাড়ের জঙ্গলে কয়েক দিন লুকিয়ে ছিলেন তিনি। একসময় গুলি লাগা হাতের কবজি পর্যন্ত পচে ঝরে যায় তাঁর। তাঁর স্ত্রী সানজিদা গতকাল প্রথম আলোকে বলেন, ১৭ দিন আগে গুলি লাগে। কয়েক দিন আগে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে ঢোকেন। তাঁদের পরিবারের অন্য সদস্যরা মিয়ারমারে রয়েছেন। তাঁরা বেঁচে আছে কি না, জানেন না তাঁরা।
হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসা চলছে সড়ক দুর্ঘটনায় আহত দুই শিশু নূর সাদেকা (৫) এবং সাদেকের (৬)। বাংলাদেশে ঢোকার পর টেকনাফে তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়। দুই শিশুর পায়ে আঘাত লেগেছে। এখন তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান।
পায়ে গুলি লেগেছে মংগদুর কিশোরী খালেদা (১৭), শামসুন নাহার (১৫) এবং হাসিনা বেগমের (১৮)। খালেদা বলে, বাড়িতে সেলাইয়ের কাজ করত সে। ঘরের মধ্যে ঢুকে গুলি করে মিলিটারিরা। পরে তারা সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করে।
হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা নারী-পুরুষকে চট্টগ্রাম নগরের বিভিন্ন সংগঠন ওষুধ, খাবার ও কাপড়চোপড় দিয়ে সাহায্য করছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, ওষুধপত্র হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। যে ওষুধ হাসপাতালে নেই সেটি রোগী কল্যাণ সমিতির তহবিল থেকে কিনে দেওয়া হচ্ছে। চিকিৎসক-নার্স সবাই এই অসহায় মানুষদের জন্য সাধ্যমতো করার চেষ্টা করছেন।