ছোট্টদের সঙ্গে বড় জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে অন্য একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দেখিয়ে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই দুই শিক্ষার্থী হলো উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মানসুরা বেগম ও ফাহিমা আক্তার।
গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, তাঁর বিদ্যালয় থেকে এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫৫ জন শিক্ষার্থীর নামের তালিকা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে জমা দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তাঁকে ৫৩ জনের প্রবেশপত্র দেয়। বাকি দুজনের প্রবেশপত্র চাইলে কর্তৃপক্ষ জানায়, সেগুলো পরে পাঠিয়ে দেওয়া হবে। পরে মানসুরা বেগম ও ফাহিমার প্রবেশপত্রে তাদের পণ্ডিতপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেখানো হয়।
গতকাল বৃহস্পতিবার নান্দাইল রোড উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, মানসুরা ও ফাহিমা ৫ নম্বর কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে।
মানসুরা বেগম ও ফাহিমা জানায়, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছে। উপবৃত্তিও পেয়েছে। অন্য বিদ্যালয়ের নামে প্রবেশপত্র দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। কীভাবে তারা অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে গেল তা বুঝতে পারছে না।
মানসুরার বাবা আবদুল লতিফ বলেন, প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়েও এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
পণ্ডিতপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য প্রতিবছর সমাপনী পরীক্ষায় একাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণ দেখাতে হয়। বিশেষ উপায়ে এ কাজ করতে হয়েছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুল হক বলেন, বিষয়টি কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।