ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি
শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। আগের কয়েক দিনের তুলনায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে হাটেই পশু বিক্রি বেড়ে যায়। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় গতকাল বিকেলে হাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। আজ ঈদের আগের দিনও এই ভিড় থাকবে।
এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছে ২০টি। এর পাশাপাশি একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলীতেও জমেছে কেনাবেচা। গতকাল হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকৃতির দেশি গরুর চাহিদা বেশি। তবে দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি বলে জানান ক্রেতারা।
গাবতলী হাটে গিয়ে দেখা যায়, সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে হাটে আসা ক্রেতাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। গরুর গোবর, মলমূত্র আর বৃষ্টির পানিতে বেহাল হাট। পুরো হাট কাদায় ডুবে আছে। কাদা মাড়িয়েই ক্রেতারা পছন্দের পশু বাছাই করেন। দামে বনিবনা হলে তা কিনেই বাড়ি ফেরেন।
গাবতলীর মূল হাট ছাড়িয়ে চারপাশের সড়কের ওপরেও সারি সারি পশু নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছেন। হাটে যথেষ্ট পশু সরবরাহ রয়েছে। ক্রেতা উপস্থিতিও অনেক। হাসিল ঘরগুলোর সামনে বিক্রি হওয়া গরুর হাসিল পরিশোধের জন্য দীর্ঘ সারি তৈরি হচ্ছে।
কুষ্টিয়ার মিরপুর থেকে ২২টি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন সদরুল ব্যাপারী। গতকালের আগ পর্যন্ত দুটি গরু বিক্রি করেছিলেন। গতকাল দুপুরে যখন কথা হয়, তখন সদরুলের অবিক্রীত রয়েছে ৮টি গরু। তিনি বলেন, ‘গত মঙ্গল ও বুধবার হাটে কেনাবেচা সেভাবে জমেনি। মূল বিক্রিই হয়েছে আজ। আগামীকাল (শুক্রবার) ক্রেতা আরও বাড়বে।’
গাবতলী হাটে ক্রেতারা ঘুরে ঘুরে দাম যাচাই-বাছাই করছিলেন। দামে বনিবনা হলে ক্রেতা গরু নিয়েই ফিরেছেন। মিরপুর ১ নম্বর থেকে হাটে এসেছেন মাসুদ খান। মাসুদ খান বলেন, ‘দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি মনে হয়েছে। তবে কোরবানির পশুর বিষয়ে দাম নিয়ে এত চিন্তা করছি না। ’
রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে বেশ বড় আফতাবনগর পশুর হাট। রামপুরা সেতু থেকে বেশ ভেতরে হাটটি বসে। গতকাল বিকেলে দেখা যায়, রামপুরা সেতু থেকে সড়কের এক পাশ দিয়ে হাটের দিকে ক্রেতারা সারি বেঁধে ছুটছেন। সড়কের অন্য পাশ দিয়ে হাট থেকে কেনা পশু নিয়ে লোকজন বাড়ি ফিরছেন।
ক্রেতা-বিক্রেতার দর-কষাকষিতে মুখর আফতাবনগর হাট। বিক্রেতারা জানালেন, এবারে দেশি গরুর বেচাকেনা বেশি। ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে দেশি জাতের ছোট ও মাঝারি গরুর বিক্রি বেশি।
২ নম্বর হাসিল ঘরের সামনে কথা হয় পূর্ব রামপুরা থেকে আসা ক্রেতা আব্বাস হোসেনের সঙ্গে। মাঝারি আকৃতির একটি গরু কিনেছেন ৭৫ হাজার টাকায়। তিনি বলেন, ‘গরুর আকৃতি ও আনুমানিক ওজন অনুযায়ী দাম মোটামুটি ঠিক আছে। ক্রেতা-বিক্রেতার চাহিদা, রুচি অনুযায়ী দাম একটু কম-বেশি হবে, সেটাই স্বাভাবিক।’
মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী সড়কসংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গায় বসেছে অস্থায়ী পশুর হাট। হাটটি ‘বছিলা হাট’ নামেই বেশি পরিচিত। গতকাল হাটে গিয়ে দেখা যায়, পশুর সরবরাহ পর্যাপ্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার উপস্থিতিও বেড়েছে। হাট ইজারাদার বলছেন, বিক্রিও সন্তোষজনক।
দেখা যায়, রাজধানীর হাটগুলোর বাইরে দাঁড়িয়ে আছে সারি সারি ছোট-বড় পিকআপ। দূরত্ব অনুযায়ী ভাড়ার বিনিময়ে গরু পিকআপে করে বাড়ি পৌঁছে দিচ্ছেন চালকেরা। তাতে ক্রেতাদের পরিশ্রম কম হচ্ছে, সময় বাঁচছে।