রমজান মাস সামনে রেখে জেলা প্রশাসনের সভায় বসে চট্টগ্রামের ব্যবসায়ীরা ছোলা-চিনির পাইকারি ও খুচরা দর ঠিক করেছেন। ছোলার খুচরা দর ধরা হয়েছে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা আর চিনির কেজি ৬২ থেকে ৬৩ টাকা। ব্যবসায়ীদের ঠিক করা দরের চেয়ে কেউ বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বৈঠকে এই দর ঠিক করা হয়। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের ১৭টি খুচরা ও ৩টি পাইকারি বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভার আয়োজক চট্টগ্রাম জেলা প্রশাসন।
সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে দুটি পণ্যের দর ঠিক করেন। চেম্বার সভাপতি বলেন, পাইকারি বাজারে সাধারণ মানের ছোলা ৭৫ টাকা এবং সবচেয়ে ভালো মানের ছোলা ৮০ টাকায় বিক্রি করা যাবে। খুচরা ব্যবসায়ীরা এই দরের চেয়ে কেজিপ্রতি পাঁচ টাকা বেশি দরে অর্থাৎ ৮০ টাকা ও ৮৫ টাকায় বিক্রি করতে পারবেন। ছোলা ছাড়াও প্রতি কেজি চিনি সর্বোচ্চ ৫৮ থেকে ৬০ টাকা দরে বিক্রি করবেন পাইকারি ব্যবসায়ীরা। আর খুচরা ব্যবসায়ীরা তা কেজিপ্রতি সর্বোচ্চ ৬২ থেকে ৬৩ টাকায় বিক্রি করতে পারবেন।
মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ী ও ভোক্তা—কেউ যাতে রোজায় ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য এই দর বেঁধে দেওয়া হয়েছে। খুচরা ব্যবসায়ীরা বেঁধে দেওয়া পাইকারি দরে পণ্য কিনতে না পারলে চট্টগ্রাম চেম্বার, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বা জেলা প্রশাসনে অভিযোগ জানাতে পারবেন।
জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, আগামী রোজার ঈদ পর্যন্ত এই দর কার্যকর থাকবে। বেঁধে দেওয়া দরে বিক্রি হচ্ছে কি না, তা জেলা প্রশাসনের পাঁচটি দল বিভিন্ন বাজারে গিয়ে তদারক করবে। এ ছাড়া ঈদের পোশাকে মাত্রাতিরিক্ত মুনাফা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সভায় বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, রোজায় পণ্যের দর বেঁধে দেওয়া হলে তা কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা উচিত। কারণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের এক-তৃতীয়াংশ আমদানি করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। আর বাকি দুই-তৃতীয়াংশ আমদানি করে ঢাকাসহ অন্যান্য অঞ্চলের বাসিন্দারা। গতবারের চেয়ে এবার রোজার পণ্যের সরবরাহ ভালো, দামও কম। ডলারের দাম কমলে পণ্যের দাম আরও কমবে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ সভায় বলেন, এস আলমের চিনি পরিশোধন কারখানা চালু না থাকলে এখন বাজারে চিনির সংকট তৈরি হতো। কারণ, এখন ঢাকার দুটি বড় চিনি কারখানার মালিকেরা আগের মতো চিনি সরবরাহ দিচ্ছেন না। এটি খতিয়ে দেখা দরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদারের সঞ্চালনায় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক পুলক কান্তি বড়ুয়া, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার প্রমুখ বক্তব্য দেন।