ছো্ট্ট শরীরের অর্ধেকই ব্যান্ডেজে মোড়ানো
ছোট্ট শরীরের অর্ধেকের বেশি সাদা ব্যান্ডেজে মোড়ানো। নবজাতকের কোমর, মেরুদণ্ড, দুই হাত পুড়ে গেছে। মায়ের কোলে শুয়ে ২৬ দিনের এই শিশুটি কেবল আর্তনাদ করছে। গত ২১ আগস্ট জন্মের পরপরই তাকে মুখোমুখি হতে হয় ভয়াবহ বিভীষিকার। সাইফুল আরকান নামের এই শিশুর দেশ মিয়ানমার।
জন্মের ১০ দিনের মাথায় মিয়ানমারের সেনাবাহিনীর দেওয়া আগুনে ঘরের মধ্যে দগ্ধ হয় শিশুটি। মা-বাবা তাকে নিয়ে পালিয়ে বাংলাদেশ চলে আসেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তাকে ভর্তি করা হয়।
সাইফুলের শরীরের ২০ ভাগ পুড়ে গেছে। সে এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ। তিনি বলেন, ১২-১৩ দিন আগে দগ্ধ হয় শিশুটি। শিশুটির বাবা সৈয়দ নূর ঘটনার দিনের বর্ণনা দিয়ে বলেন, ঘরে আগুন দেওয়ার সময় সাইফুল ঘুমিয়ে ছিল। ঘুম থেকে তুলে তাকে কোলে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই পুড়ে যায় সে। স্ত্রীসহ তিনি এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর শুরু হয় তাঁদের কষ্টের দিন। দগ্ধ সন্তানকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন স্বামী-স্ত্রী। ছেলের পোড়া ক্ষত সারাতে গাছের পাতার রস ব্যবহার করেন। তিন দিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে সমুদ্রপথে বাংলাদেশে ঢোকেন। সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাঁদের হাতে টাকা ছিল না। বাধ্য হয়ে স্ত্রী জামিলার কান ও নাকের গয়না খুলে দিতে হয়েছে মাঝিকে।
জামিলা বলেন, টাকা-পয়সা কিছু নেই। ছেলেকে বাঁচাতে দেশ ছাড়েন। কী হবে বুঝতে পারছেন না তাঁরা।
সৈয়দ নূর মিয়ানমারে একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি চাষাবাদ করে সংসার চালাতেন। বিয়ে করেন এক বছর আগে। সাইফুল তাঁদের একমাত্র সন্তান। ঘরবাড়ি হারানো এই দম্পতি এখন ছেলের সুস্থতার দিকে তাকিয়ে আছেন। সাইফুলই যে তাঁদের এখন একমাত্র সম্পদ।